
ভারতের বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপির বিনিময় মূল্যের ক্রমাগত দরপতন ঘটছে ঢাকায়। গতকাল রাজধানীর দিলকুশায় খোলাবাজার ও মানি চেঞ্জারে ৫০০ রুপির বিনিময় মূল্য ৪০০ টাকায় আর ১০০০ রুপির বিনিময় মূল্য নেমেছে ৮০০ টাকায়। তারপরও ক্রেতার অভাবে সব রুপির মালিকেরা তা বিক্রি করতে পারছেন না।
গত মঙ্গলবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকস্মিকভাবে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দিলে বাংলাদেশেও তার প্রভাব পড়তে দেখা গেছে। নানা কারণে ভারতে যাতায়াতকারী এ দেশের অনেক মানুষের হাতে ভারতীয় মুদ্রা রয়েছে। সেসব মানুষ এখন ভারতীয় ৫০০ ও ১০০০ রুপি ভাঙাতে মানি চেঞ্জার ও খোলাবাজারে ভিড় জমাচ্ছেন। রাজধানীর মতিঝিল ও দিলকুশার রাস্তায় ভাসমান বিক্রেতারা বিদেশি মুদ্রার বিনিময় করে থাকেন, যেটিকে বিদেশি মুদ্রার খোলাবাজার হিসেবে অভিহিত করা হয়।
এদিকে ৫০০ ও ১০০০ মূল্যমানের রুপি বাদে ভারতীয় অন্য খুচরা নোটের দাম বেড়ে গেছে। গতকাল রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জারে ১০০ রুপি মূল্যমানের নোটের জন্য প্রতি রুপির বিনিময় মূল্য উঠেছে ১ টাকা ৮০ পয়সায়। এরপরও ১০০ রুপির নোট পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে ভারতীয় রুপি নিয়ে রাজধানীর খোলাবাজারে একধরনের টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বাংলাদেশে আনুষ্ঠানিক বা বৈধভাবে ভারতীয় রুপি লেনদেনের ব্যবস্থা না থাকায় এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ব্যাংকও। যদিও সীমান্ত হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলোতে বেশ কিছু রুপি জমা রয়েছে। ফলে রুপি নিয়ে সৃষ্ট অবস্থার সহজে সমাধান হবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ‘রুপি নিয়ে আমাদের কিছু করার নেই। তবে নতুন করে কিছু করা যায় কি না, সংশ্লিষ্ট বিভাগ তা দেখছে।’
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভারতীয় মুদ্রা না থাকায় আমাদের কিছুই করার নেই। যাদের কাছে এসব নোট আছে, তাদের লোকসান গুনতে হবে। বৈধভাবে এসব অর্থ থাকলে বাংলাদেশ কিছু করতে পারত। তবে ভুটান ও নেপালে ভারতীয় রুপির ব্যবহার থাকায় তাদের সমস্যায় কম পড়তে হবে।
মতিঝিলের একাধিক মানি চেঞ্জার এবং খোলাবাজার ঘুরে দেখা গেছে, ৫০০ ও ১০০০ রুপির নোট নিয়ে অনেকেই আসছেন। কেউ ঝুঁকি নিয়ে তা প্রতি রুপি ৮০-৯০ পয়সায় কিনছেন। তবে বেশির ভাগই ফেরত দিচ্ছেন। ১০০ রুপির কোনো নোট পাওয়া যায়নি তাঁদের কাছে। খুচরা নোট যা আছে, তা পাওয়া যাচ্ছে প্রতি রুপি ১ টাকা ৬০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সায়।
কয়েক দিন পর ভারতে যাবেন জেসমিন আরা। রুপি কিনতে গতকাল গিয়েছিলেন দিলকুশার একটি মানি চেঞ্জারে। সেখানে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘অনেক রুপি কেনার ইচ্ছে ছিল। আপাতত ৩০০ রুপি নিয়েই ভারতে যাব। বাকি টাকা দিয়ে ডলার নিয়েছি। সেখানে গিয়ে ডলারের বিনিময়ে রুপি কিনব।’
মতিঝিলের মানি চেঞ্জারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার কাছেই ৫০০ ও ১০০০ নোটের ৩ লাখ রুপি ছিল। পরে সীমান্ত এলাকার এক মুদ্রা ব্যবসায়ীর কাছে তা প্রতি রুপি ৯০ পয়সা দামে বিক্রি করে দিয়েছি। এসব রুপি আমরা ১ টাকা ২০ পয়সা দরে কিনেছিলাম। আরও অনেকে আমাদের মতো লোকসান করেছে। আবার অনেকে এখনো এসব নোট বিক্রি করতে পারেনি।’
বাংলাদেশের সীমান্ত হাটসংলগ্ন রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের শাখাগুলোতে বেশ কিছু ৫০০ ও ১০০০ রুপির নোট রয়েছে বলে জানা গেছে, যা নিয়ে বিপাকে পড়তে পারে এসব ব্যাংক।
তবে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি, আমাদের ব্যাংকে কোনো ভারতীয় নোট নেই। ফলে আমরা কোনো সমস্যার মধ্যে পড়িনি। সীমান্ত হাটসংলগ্ন শাখাগুলোতে রুপি থাকলেও তা হিসাবের মধ্যে নেই। এসব রুপি স্বাভাবিক বিনিময় প্রক্রিয়ায় পরিবর্তন হয়ে যাবে।’
গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাল নোট এবং কালো রুপির বিতরণ রুখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নোট বাতিলের ঘোষণায় বলা হয়, যাঁদের হাতে বাতিল হওয়া নোট থাকবে, তাঁরা তা ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাংক ও পোস্ট অফিসে ফেরত দিলে সমমূল্যের অর্থ পাবেন।