ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে অবকাঠামোকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। তাঁর মতে, দেশের বন্দর ও রাস্তাঘাট এখনো ট্রানজিট দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয়।‘পুনঃরপ্তানি: বাংলাদেশের নতুন সম্ভাবনার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। গতকাল শনিবার রাজধানীর ঢাকা চেম্বার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। যৌথভাবে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান সুভাশীস বসু, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিবি) জ্যেষ্ঠ গবেষক গোলাম মোয়াজ্জেম প্রমুখ।সেমিনারে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, অবকাঠামোর ক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। এখনো ভারী পণ্য নিয়ে ট্রাক চলাচল করতে পারে না। নিজেদের পণ্য যাতায়াতের কারণে দেশের রাস্তাঘাট ও সেতুতে অনেক চাপ রয়েছে। এ অবস্থায় অন্য দেশের ভারী যান চলাচলের সুযোগ দিলে রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ হবে। তাই ভারতের সঙ্গে ট্রানজিটের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।পুনঃরপ্তানি: ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, নেপাল, ভুটান ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলো বাংলাদেশের জন্য পুনঃরপ্তানির গুরুত্বপূর্ণ স্থান হতে পারে। তবে সরকারের মধ্যে সমন্বয়হীনতার কারণে তা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে ১০ শতাংশ মূল্য সংযোজন কর একটি বাধা।ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা যেভাবে পুনঃরপ্তানিকরণের প্রক্রিয়া প্রত্যাশা করছে, তাতে পণ্য আমদানির সময় কোনো শুল্ক বসানো যাবে না। অথচ পরিবহনের জন্য তেলে সরকার ভর্তুকি দিচ্ছে। রেল পরিবহনের ওপর ভর্তুকি রয়েছে। তা ছাড়া সড়কব্যবস্থায় ভর্তুকি রয়েছে। এসব ভর্তুকিকৃত রাস্তা, জ্বালানি ও রেলে ব্যবহার করলেও পুনঃরপ্তানিকৃত পণ্যে শুল্ক বসানো না হলে সরকার এসব ভর্তুকির অর্থায়ন করবে কীভাবে?’মজিবুর রহমান বলেন, দেশের কাস্টমস-ব্যবস্থা উন্নত না হলে পুনঃরপ্তানির নামে শুল্কমুক্তভাবে বেশি দামি পণ্য দেশে আসবে। কিন্তু রপ্তানি হবে কম দামি পণ্য।বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, তা স্বীকার করতে হবে। তবে অবকাঠামোগত সমস্যা তথা বন্দর ও রাস্তাঘাটের স্বল্পতা পুনঃরপ্তানি প্রক্রিয়ার বড় প্রতিবন্ধকতা।