অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘অর্থনীতির কালো ছায়া আমাদের আক্রান্ত করতে পারেনি। বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতি অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। দেশে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে।’সিলেট চেম্বারের সঙ্গে সমিতির মিলনায়তনে এক মতবিনিময় সভায় গত শুক্রবার রাতে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিসবাহ।উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘আমরা প্রতিনিয়ত অর্থনীতির একটি কালো ছায়ার মধ্যে রয়েছি।’শেয়ারবাজার সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে পুঁজিবাজারকে অস্থিতিশীল করে রাখছে। এসইসির বর্তমান কমিটিকে বিপদে ফেলার জন্য ওই গোষ্ঠী বাজারকে স্থিতিশীল হতে দেয় না। এ অবস্থা নিয়ে অনেক তদন্ত হয়েছে। অনেকের নাম এসেছে। তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা মামলা চায় না, তারাই পুঁজিবাজারকে অস্থিতিশীল করছে। এ ছাড়া কম দামে শেয়ার কেনার জন্য অনেক সময় কারসাজি করে বাজারের পতন ঘটানো হয়।’অর্থমন্ত্রী বলেন, প্রবাসীদের রেমিটেন্সের পুরোটাই ব্যয় হয় আবাসন খাতে। তাঁরা কেবল নিজেদের বাড়ি ও আবাসন খাতেই ব্যয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ দেখান না। তিনি বলেন, ‘সিলেটে বাইরের লোকজন এসে সিরামিক কারখানা করছেন, অথচ সিলেটি প্রবাসীরা এই কাজে এগিয়ে আসছেন না।’সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলেই সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের চূড়ান্ত ঘোষণা আসবে।’মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষন বড়ুয়া, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, সিলেট চেম্বারের সহসভাপতি জিয়াউল হক প্রমুখ বক্তব্য দেন।