দেশের অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক: এমসিসিআই
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি ইতিবাচক ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে, বিনিময় হার স্থিতিশীল আছে আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিদায়ক পর্যায়ে আছে। ফলে সামষ্টিক অর্থনীতির প্রধান সূচকগুলোরও কিছুটা অগ্রগতি হয়েছে। তবে তা সম্ভাবনার তুলনায় কম।
দেশের প্রভাবশালী বাণিজ্য সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) বাংলাদেশের অর্থনীতির ওপর যে পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে, তাতে এসব কথা বলা হয়েছে।
বাণিজ্য সংগঠনটি অবশ্য এ-ও বলেছে যে এখন বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জগুলো হলো ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনয়ন।
এ প্রসঙ্গে এমসিসিআই বলছে, দেশি বা বিদেশি উদ্যোক্তা যেই হোন না কেন, তাঁরা এখন আর অর্থনৈতিক প্রণোদনায় উৎসাহিত হচ্ছেন না। অথচ সুসংহত অর্থনৈতিক নীতি, অনুকূল বাণিজ্য পরিবেশ ও স্থিতিশীল রাজনৈতিক সময়ে তাঁরা বিনিয়োগে যথেষ্ট আগ্রহী থাকেন। আর এগুলো অবশ্যই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অন্যতম পূর্বশর্ত।
কয়েক দিন আগে অর্থমন্ত্রী (৩১ অক্টোবর) সচিবালয়ে বলেছিলেন, ‘দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়ছে। কিন্তু অভ্যন্তরীণ বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়।’ সে সময় তিনি আরও বলেন, হয়তো অনিশ্চয়তার কারণে অভ্যন্তরীণ বিনিয়োগ হচ্ছে না। তবে আগামী দিনে বিনিয়োগ বাড়বে। সাংবাদিকেরা যখন জানতে চান যে বিনিয়োগকারীরা কিসের জন্য অপেক্ষা করছেন, তখন অর্থমন্ত্রী বলেন, ‘আমি জানি না।’
এদিকে এমসিসিআই বলেছে, আলোচ্য প্রান্তিকে কৃষি খাত ভালো করলেও অবকাঠামো ঘাটতি ও বিদ্যুৎ খাতের সমস্যা শিল্প উৎপাদনকে ব্যাহত করেছে। তাই সরকারের উচিত হবে ভৌত অবকাঠামোর বাধা এবং জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সংকটগুলো দূর করা। তাহলে কৃষি ও শিল্প খাত জোর সমর্থন পাবে।
সেবা খাত এই সময়ে মোটামুটি ভালো করলেও গত বছরের রাজনৈতিক সংকটের সময় যে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কাটিয়ে উঠতে সেবা খাতের ব্যবসা-বাণিজ্যে যথাযথ সরকারি সহায়তা প্রয়োজন বলেও মন্তব্য করেছে বাণিজ্য সংগঠনটি।
সরকারের লক্ষ্য অনুসারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হার অর্জন করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এটি একই সঙ্গে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার জন্যও অপরিহার্য।
২০১৪-১৫ অর্থবছরে সরকার ৭ দশমিক ৩ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন এবং বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ৭ শতাংশে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সংগঠনটি আরও বলেছে, বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন ও নতুন অবকাঠামো বিনির্মাণ ছাড়া বাংলাদেশ কাঙ্ক্ষিত সময়ের (২০২১) মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হতে পারবে না।
এই অবস্থায় অবকাঠামোর ক্ষেত্রে চলমান সড়ক নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পগুলোয় অগ্রাধিকার দেওয়া উচিত বলে উল্লেখ করেছে এমসিসিআই। এগুলোর মধ্যে আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, ঢাকা-চট্টগ্রাম রেলপথ দ্বৈত ট্র্যাকে রূপান্তর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন, পদ্মা সেতু নির্মাণ ও ঢাকা মেট্রোরেল স্থাপন।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজের প্রায় ৪০ শতাংশ সমাপ্ত হয়েছে। পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে অ্যাপ্রোচ সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। মেট্রোরেলের জন্য আইন পাস হয়েছে।
এ ছাড়া বিবিয়ানার গ্যাসভিত্তিক দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সম্পন্ন করা, সরকারি-বেসরকারি অংশীদারি আইন কার্যকর করা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্যোগ গ্রহণের কথাও বলেছে বাণিজ্য সংগঠনটি।
এমসিসিআই মনে করে, দক্ষ জনশক্তি গড়ে তোলা উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। কাজেই এদিকেও মনোযোগ দিতে হবে।
প্রধান চ্যালেঞ্জ
ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনয়ন
করণীয়
ভৌত অবকাঠামোর বাধা, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সংকটগুলো দূর এবং রাজনৈতিক স্থিতিশীলতা
বজায় রাখতে হবে