দেশের আকাশে উড়তে শুরু করেছে রিজেন্ট এয়ারওয়েজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আকাশে উড়তে শুরু করেছে রিজেন্ট এয়ারওয়েজের বিমান। গত বুধবার প্রথম ফ্লাইটে এটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। ঢাকা বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব শফিক আল মেহেদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন ডিরেক্টর উইং কমান্ডার এ কে এম মাহমুদুল হাসান, শাহজালাল বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এম আমিনুল ইসলাম, স্কোয়াড্রন লিডার এ এস এম আবদুল মতিন এবং রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, এমডি মাশরুফ হাবিব, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিজেন্ট এয়ারওয়েজ আন্তর্জাতিক মানের বিমানসেবা প্রদানে বদ্ধপরিকর। এটি হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। রিজেন্ট এয়ারওয়েজ দুটি ড্যাশ-৮ বিমানের মাধ্যমে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও যশোরে ফ্লাইট পরিচালনা করবে।মাশরুফ হাবিব বলেন, ‘ব্যতিক্রমী সেবা ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে আমরা বাংলাদেশের সেরা বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হতে এবং বিমানসেবায় নতুন দিগন্ত প্রতিষ্ঠা করতে চাই।’ বিজ্ঞপ্তি।