বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলন সমাপ্ত
দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ভেঙে পড়ায় উদ্বেগ প্রকাশ
দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ভেঙে পড়েছে উল্লেখ করে এর পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অনতিবিলম্বে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনের তৃতীয় ও শেষ দিন গতকাল শনিবার ‘আর্থিক খাতের উন্নয়ন: ব্যাংক, পুঁজিবাজার ও ক্ষুদ্রঋণ’ শীর্ষক কর্ম-অধিবেশনে এই উদ্বেগ প্রকাশ করা হয়। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের আলোচনা পর্বে সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধূরী বলেন, ‘আর্থিক খাতের শৃঙ্খলা ভেঙে পড়েছে। এ শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কঠোর করতে হবে। যার যে ভূমিকা তা সঠিকভাবে পালন করলে অবস্থার দ্রুত উন্নয়ন সম্ভব।’ তৌফিক আহমদ চৌধূরী আরও বলেন, ‘যেসব অভ্যন্তরীণ বা স্বীকৃত বিলের বিপরীতে কোনো ধরনের লেনদেন হয় না, ব্যাংকগুলোর সেসব বিল কেনা উচিত নয়।’অন্যান্য বক্তা এই পর্যবেক্ষণ সমর্থন করে বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আর্থিক খাতের বিশৃঙ্খলা স্পষ্ট হয়ে উঠেছে। তাঁরা আরও বলেন, পুঁজিবাজারের মূল লক্ষ্য হলো শিল্পায়নের জন্য পুঁজির জোগান দেওয়া। সেদিকে নজর না দিয়ে শেয়ারের দাম বাড়ানোর দিকে ছুটলে কখনোই এ বাজার পরিণত ও স্থিতিশীল হবে না। এই অধিবেশনে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম। তিনি বলেন, ‘আর্থিক খাতসহ সব ক্ষেত্রেই অর্থনীতি ভালো অবস্থায় আছে। কাঙ্ক্ষিত গতিতে অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তবে কিছু কালো মেঘ আছে। দেশের অর্থনীতি বড় হচ্ছে। নতুন ব্যাংক আসছে। এ অবস্থায় ব্যাংকিং খাত সম্প্রসারণের পাশাপাশি কিছু সমস্যা দেখা দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণয়মূলক কাঠামো যথাযথ ভূমিকা রাখতে পারেনি।’অধিবেশনে ‘২০২১ সালে বাংলাদেশের পুঁজিবাজার: ২০১২ থেকে দেখা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ওয়ালি-উল-মারুফ মতিন। মারুফ মতিন বলেন, কার্যকর পুঁজিবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নের উপযুক্ত উৎস। তাই পুঁজিবাজারকে কার্যকর করতে দ্রুত ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিনিয়োগকারীদের বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) শক্তিশালী ও নজরদারি বাড়াতে হবে। ফাটকাবাজদের শাস্তির জন্য বিশেষ আদালত চালু করার ওপর গুরুত্বারোপ করে মারুফ মতিন বলেন, এসব নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না নিয়ে পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। মারুফ মতিনের মতে, ‘২০২১ সালে পুঁজিবাজারের মূলধন বেড়ে দাঁড়াবে প্রায় আট লাখ ৮৮ হাজার কোটি টাকায়। ২০১১ সালের ডিসেম্বরের শেষে যা ছিল দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। অর্থাৎ ২০২১ সালে পুঁজিবাজারের মূলধন প্রায় ৩ দশমিক ৩৪ গুণ বাড়বে।’এই অধিবেশনে কৃষিঋণ বিতরণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া ‘সামাজিক উন্নয়ন: শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার’ শীর্ষক অষ্টম কর্ম-অধিবেশনে ১০টি প্রবন্ধ পাঠ করা হয়। এদিকে গতকাল সম্মেলন প্রাঙ্গণে কর্ম-অধিবেশনের পাশাপাশি সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা সাড়ে সাত ঘণ্টা ২৮টি পদের জন্য প্রার্থী বাছাইয়ে সমিতির সদস্যরা ভোটাধিকার প্রদান করেন। এ ছাড়া দুপুরে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল বারকাত। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতি সমিতির এই অষ্টাদশ দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।