দেশের চামড়াশিল্প সম্পর্কে অপপ্রচার চলছে: শিল্পমন্ত্রী
বাংলাদেশের চামড়াশিল্প সম্পর্কে রপ্তানি বাজারে নানা ধরনের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
চামড়াশিল্পনগরের নির্মাণকাজের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আজ রোববার শিল্পমন্ত্রী এই মন্তব্য করেন। ঢাকায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবন মিলনায়তনে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন; বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস, ফুটওয়্যার এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ); এশিয়া ফাউন্ডেশন ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক মডেলিং (সানেম)।
শিল্পমন্ত্রী বলেছেন, ‘পরিবেশদূষণ, কমপ্লায়েন্স ইস্যু, শিশুশ্রম ইত্যাদি বিষয়ে বাংলাদেশের চামড়াশিল্প খাত সম্পর্কে রপ্তানি বাজারে মহলবিশেষ নানা রকম অপপ্রচার চালাচ্ছে। এর ফলে আমাদের চামড়া রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।’
অনুষ্ঠানে আমির হোসেন আমু জানান, চুক্তি অনুযায়ী সিইটিপির নির্মাণকাল মোট ১৮ মাস। বেশ কয়েক মাস বন্ধ থাকার পর এখন বুয়েটের তত্ত্বাবধানে সিইটিপি নির্মাণের কার্যক্রম দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে। তবে সিইটিপি ও আনুষঙ্গিক স্থাপনার সার্বিক নির্মাণকাজ শেষ করতে আরও ১৫ মাসের মতো সময় লাগতে পারে। তিনি অবশ্য জানান, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে হাজারীবাগ থেকে সব ট্যানারি সাভারের শিল্পনগরে স্থানান্তর করতে হবে।