দেশের জিডিপি যথাযথভাবে নিরূপিত হয় না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ ভয়াবহ রকম কম করে দেখানো হয়। পৃথিবীর বহু দেশের চেয়ে অপেক্ষাকৃত ভালো পরিসংখ্যানব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে এই জিডিপি যথাযথভাবে নিরূপণ করা হয় না। খবর ইউএনবির। গতকাল শনিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) যৌথ আয়োজনে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। বিবিএস সম্মেলনকক্ষে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করা হয়।অর্থমন্ত্রী বলেন, ‘জিডিপি শুধু কম নিরূপিত হয় না, এটা ভয়াবহ রকম কম নিরূপিত হয়।’ অর্থমন্ত্রী আরও বলেন, প্রায় ১৫ বছর পর দেশে নতুন পরিসংখ্যানব্যবস্থা চালু করা হচ্ছে। এতে সব তথ্য-উপাত্ত নতুন করে সংশোধিত আকারে দেখা সম্ভব হবে। এটা অর্থনীতির জন্য ভালো হবে।অর্থমন্ত্রী জানান, ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে বাংলাদেশে বর্তমানে জিডিপি নিরূপিত হয়। এটি ১৯৯৩ সালের সিস্টেম অব ন্যাশনাল অ্যাকাউন্ট (এসএনএ) আলোকে তৈরি করা, যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। তবে এ পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে। এসএনএ ২০০৮ সালের আলোকে জিডিপি প্রবৃদ্ধি নির্ধারণে এখন ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তিবছর করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এর কাজ শেষ করা হবে।আদমশুমারি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, পঞ্চম আদমশুমারি পুনর্নিরীক্ষণ করে দেশের বর্তমান জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ হয়েছে। গত চারটি আদমশুমারির তুলনায় এবারের আদমশুমারি অনেক ভালো হয়েছে। দেশের পরিসংখ্যানে অনেক গুণগত পরিবর্তন এসেছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বাংলাদেশ ব্যাংক, নিপোর্টসহ সরকারি অন্যান্য সংস্থার মধ্যে তথ্যের সমন্বয়হীনতা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সব সরকারি সংস্থার মধ্যে সমন্বয় থাকা উচিত। তবে বর্তমানে সরকারি সংস্থাগুলোর মধ্যে আগের চেয়ে অনেক বেশি সমন্বয় হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো অনেক উন্নত। ২০০০ সালে চীনের পরিসংখ্যান ব্যুরোর চেয়ে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো অনেক ভালো ছিল। যদিও বর্তমানে চীন অনেক দূর এগিয়ে গেছে। আফ্রিকার অনেক দেশের চেয়ে বাংলাদেশের পরিসংখ্যান এখনো অনেক আধুনিক।অর্থমন্ত্রী আরও বলেন, ‘একটা সময় শুধু চালের ওপরই নির্ভরশীল ছিলাম আমরা। চাল এখন উদ্বৃত্ত রয়েছে। এর বাইরে অন্য খাদ্যদ্রব্য উৎপাদনের কৌশল নেওয়া হয়েছে। ৫০ লাখ টন ভুট্টা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ খাদ্যপণ্য রপ্তানি করাও সম্ভব হবে।অর্থমন্ত্রী বলেন, ‘কিন্তু দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। মাত্র ২০ শতাংশ দুধ দেশে উৎপাদিত হচ্ছে। দুধ উৎপাদনে নানা ধরনের আয়োজন নিয়েও উৎপাদন বাড়ানো যাচ্ছে না। ফলে ৮০ শতাংশই আমদানি করতে হচ্ছে।’বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, জাতীয় নীতিমালা তৈরির জন্য সঠিক তথ্যের গুরুত্ব অপরিসীম। জাতীয় আয়ের তথ্য নিখুঁত ও সঠিকভাবে উপস্থাপনের জন্য উন্নত প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া বিবিএসসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ২০০৮ সালে জাতিসংঘের গাইডলাইন অনুযায়ী উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিসংখ্যানসচিব রীতি ইব্রাহীম, বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা ও ইআরজির পরিচালক সাজ্জাদ জহির বক্তব্য দেন।‘জাতীয় আয় গণনা: তত্ত্ব ও চর্চা’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় বিবিএস, বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার পলিসি ডায়ালগসহ (সিপিডি) বিভিন্ন সরকারি সংস্থার ২০ জন কর্মকর্তা অংশ নেন।