দেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াবে নেতাশ
বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চায় তুরস্কের বহুজাতিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিষ্ঠান নেতাশ।
এ দেশে ১৯৯৯ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। তাই এখানকার আইসিটি ও টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের ১৬ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল মঙ্গলবার নেতাশ আয়োজিত ‘আইসিটি খাতে বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক এক অনুষ্ঠানে নতুন বিনিয়োগের আগ্রহ দেখান প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে নেতাশের সহযোগী প্রতিষ্ঠান এক্সফার লিমিটেড ও ঢাকার তুরস্ক দূতাবাস এ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক।
নেতাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুজদাত আলতাই বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়নসহ টেলিযোগাযোগ অবকাঠামো জোরদারকরণে অবদান রাখছে নেতাশ। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে আমরা আরও বিনিয়োগ করতে চাই।’
নিরাপত্তার বিষয়টি বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে ঢাকা শহরে ডিজিটাল নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার কাজে নেতাশ বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) সেলকান তাসকিরান। তিনি বলেন, লন্ডন, টোকিও, ইস্তাম্বুলের মতো বড় শহরের নিরাপত্তা যে পদ্ধতিতে নিশ্চিত করা হয়, ঢাকায়ও সে রকম ব্যবস্থা গড়ে তোলার কারিগরি সামর্থ্য আছে নেতাশের। চতুর্থ প্রজন্মের লং টার্ম ইভল্যুশন (এলটিই) নেটওয়ার্ক অবকাঠামো সেবা দেওয়ার দক্ষতাও আছে নেতাশের।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ ও নেতাশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।