দেশের টেলিযোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন লাইসেন্স নবায়ন নীতিমালার খসড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খসড়া অনুযায়ী, চার মোবাইল ফোন অপারেটরকে লাইসেন্স নবায়নের শুরুতেই ফ্রিকোয়েন্সি ফিসহ বিভিন্ন ফি হিসেবে এককালীন ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। বাকি ১৪ হাজার কোটি টাকা দিতে হবে পরবর্তী ১৫ বছরে। অর্থাৎ রবির লাইসেন্স নবায়ন করতে হলে এককালীন প্রায় তিন হাজার কোটি টাকা দিতে হবে। রবির পক্ষে এ টাকা দেওয়া সম্ভব নয় উল্লেখ করে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুহনার। সাক্ষাৎকার নিয়েছেন অনিকা ফারজানাপ্রথম আলো: বিটিআরসি লাইসেন্স বিষয়ে যে খসড়া নীতিমালা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তাকে কীভাবে দেখছেন?মাইকেল: লাইসেন্স নবায়নসংক্রান্ত নীতিমালা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন দেখেছি, কিন্তু সরকারের কাছ থেকে সরাসরি কোনো তথ্য বা আলোচনার ডাক পাইনি। আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো কাগজপত্রও দেওয়া হয়নি। তবে আমরা আশা করেছিলাম নীতিমালাটির খসড়া প্রণয়নের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও নবায়নের জন্য অপেক্ষমাণ অপারেটরদের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু বিটিআরসি বা মন্ত্রণালয় কেউই আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, আলোচনার আমন্ত্রণও জানায়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে আমরা স্তম্ভিত। কীভাবে এককালীন এত টাকা দেওয়া সম্ভব? রবির পক্ষে এ পরিমাণ টাকা পরিশোধ করা সম্ভব নয়। খসড়া নীতিমালায় ৯০০ ব্যান্ডে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ৩০০ কোটি এবং ১৮০০ ব্যান্ডে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম দেড় শ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তরঙ্গের এই অসম্ভব দাম বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে অবশ্যই বিপর্যস্ত করে তুলবে।প্রথম আলো : কিন্তু শুরুতে তো কোনো লাইসেন্স ফি ছিল না? মাইকেল: একদম বিনা পয়সার লাইসেন্স ছিল না। তবে হ্যাঁ, এখনকার তুলনায় তৎকালীন লাইসেন্সের দাম কিছুই না। কিন্তু তৎকালীন সরকারের দূরদর্শী সিদ্ধান্তের ফলেই আজকে বাংলাদেশের ৯৯ শতাংশ এলাকায় মুঠোফোন অপারেটররা টেলিযোগাযোগ নেটওয়ার্ক বিস্তার করতে পেরেছে। ওই সময় বাংলাদেশে বিনিয়োগ করার জন্য অপারেটরদের কম ফির সুবিধা দেওয়ায় মাত্র ১৪ বছরে বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে।প্রথম আলো: খসড়া নীতিমালায় লাইসেন্স নবায়নের জন্য ধার্য করা ফি নিয়ে আপনার আপত্তিগুলো কেন? মাইকেল: বাংলাদেশে এ খাতে করের হার বেশি ও কল ট্যারিফ (দাম) সবচেয়ে কম। এ অবস্থায় লাইসেন্স নবায়নের জন্য যদি চড়া হারে ‘অকল্পনীয়’ বেশি ফি দিতে হয়, তাহলে আরও বিনিয়োগ অসম্ভব হয়ে দাঁড়াবে। এমনিতে সদ্য সংশোধিত আইনের কয়েকটি ধারাও কোনোভাবেই কোনো বিদেশি বিনিয়োগকারীর জন্য উৎসাহব্যঞ্জক নয়। এ দেশে উচ্চ কর জেনেও বিদেশিরা এখানে ব্যবসা করতে আসে ঘনবসতির কারণে। কিন্তু এখন এ খসড়া নীতিমালা চূড়ান্ত করা হলে এ দেশে ব্যবসা করা অনিরাপদ হয়ে পড়বে, ১৪ বছরের পুরো বিনিয়োগ হুমকির সম্মুখীন হবে।প্রথম আলো: বাংলাদেশে মোবাইল ফোন অপারেটরদের সবাই তো ভালো ব্যবসা করছে বলে বিটিআরসি দাবি করে। সে ক্ষেত্রে সরকারকে বর্ধিত হারে ফি দিতে অসুবিধা কোথায়?মাইকেল: এটা প্রচলিত বিশ্বাস হলেও বাস্তবতা ভিন্ন। এটি তীব্র প্রতিযোগিতামূলক শিল্প। এখানে বিপুল বিনিয়োগ প্রয়োজন হয়। অপারেটররা তাদের মোট রাজস্ব আয়ের শতকরা প্রায় ৫০ ভাগ বিভিন্ন ধরনের কর আকারে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়, যা প্রতিবেশী যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। সম্প্রতি প্রকাশিত আমাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেই দেখা গেছে মাত্র তিন শতাংশ লাভ করেছে প্রতিষ্ঠান। এখন নবায়নের খাতে একবারে তিন হাজার কোটি টাকা দিতে গেলে সেবা খাতে পরবর্তী নতুন বিনিয়োগ কোথা থেকে আসবে? এ ছাড়া বাংলাদেশ যখন থ্রিজি নিয়ে ভাবছে, যখন সে খাতে প্রচুর বিনিয়োগ করার পরিকল্পনা করছি, তখন লাইসেন্স নবায়ন নিয়ে এ বিশাল অঙ্ক সরকারকে দিতে হলে থ্রিজি বা অন্যান্য সেবা খাতে কীভাবে বিনিয়োগ সম্ভব? সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় ব্যাংকগুলো একটি শিল্প খাতে এত বিপুলপরিমাণ অর্থ ঋণও দিতে পারে না। যে নবায়ন নীতিমালার কারণে মুনাফা দ্রুত হ্রাস পাবে, তার ওপর ভিত্তি করে কোনো বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কী ঋণ দেবে? প্রথম আলো: এ উচ্চ ফি গ্রাহকদের ওপর কতটুকু প্রভাব ফেলবে? মাইকেল: বাংলাদেশে যেখানে অপারেটরদের আরপিইউ (রেভিনিউ পার ইউজার) বিশ্বে সবচেয়ে কম, সেখানে অপারেটরদের বেশি কর বা বেশি হারে ফি দিতে হলে স্বাভাবিকভাবেই গ্রাহক পর্যায়ে ট্যারিফ (দাম) বাড়বে। টেলিযোগাযোগ সেবাই অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। বাংলাদেশে থ্রিজি অবকাঠামো নির্মাণের জন্য কোনো অর্থ থাকবে না। ফলে বাংলাদেশে থ্রিজি চালুও হবে না।প্রথম আলো: লাইসেন্স নবায়নের ফি কত হওয়া উচিত?মাইকেল: লাইসেন্স নবায়ন ও তরঙ্গ ফিসহ সব ধরনের ফি আন্তর্জাতিক বাজার অনুযায়ী নির্ধারণ করলে সবার জন্যই ভালো হবে। আর সামাজিক দায়বদ্ধতা তহবিলের কোনো প্রভাব এ দেশের জন্য প্রযোজ্য নয়। এটা সেসব দেশের জন্য প্রযোজ্য যেখানে জনবসতির ঘনত্ব খুবই কম।প্রশ্ন: টেলিযোগাযোগ খাতের বর্তমান পরিস্থিতি কেমন? উত্তর: বাংলাদেশের টেলিযোগাযোগ খাত এখনো বিকাশমান। ১৫ বছরে বাংলাদেশে টেলিফোনের ঘনত্ব শতকরা এক ভাগেরও কম থেকে প্রায় ৪০ ভাগে পৌঁছেছে। এ ক্ষেত্রে মুঠোফোনের ভূমিকা শতকরা ৯৮ ভাগের বেশি। বর্তমানে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা সাড়ে ছয় কোটি ছাড়িয়ে গেছে। তবে প্রধান চার অপারেটরের লাইসেন্স নবায়ন নিয়ে বাজার যথেষ্ট অস্থির। আশা করছি সরকার এসব বিষয়ে নজর দেবে। সরকারের কাছে একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব লাইসেন্স নবায়ন কাঠামো আশা করছি, যা অপারেটরদের ভবিষ্যৎ ব্যবসা এবং বিনিয়োগ পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে।