দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সঞ্চয়ের সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দরিদ্র জনগোষ্ঠীকে ব্র্যাক ব্যাংক লিমিটেড নিরাপদ ও সহজে অর্থ সঞ্চয়ের সুবিধা করে দেবে। এ জন্য শোর ব্যাংক ইন্টারন্যাশনালের মাধ্যমে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তা পেতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন শোর ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের ব্র্যাক ব্যাংকসহ এশিয়া অঞ্চলের চারটি ব্যাংককে মোট ৫৫ লাখ ডলারের মঞ্জুরি দেবে। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়েছে। এতে বলা হয়, এই তহবিল ব্যবহার করে ব্র্যাক ব্যাংক পাঁচ বছরের মধ্যে দেশে তৃণমূল পর্যায়ে অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠীকে সঞ্চয়ী ব্যাংকিং সেবা পৌঁছে দেবে। এ ব্যাপারে শোর ব্যাংক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট লরি জে স্পেঙ্গলার বলেন, ‘সঞ্চয়ী হিসাবের সুবিধা দরিদ্র মানুষকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করার পাশাপাশি তাদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে।’ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আব্দুল মূহায়মেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘দেশের মাঠ পর্যায়েও ব্যাংকিং করার সুযোগ অবশ্যই আছে। তবে একটি টেকসই পদ্ধতির সঙ্গে এ ধরনের সঞ্চয়ী হিসাবের সুবিধা সমন্বয় করা কঠিন।’ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা সব সময়ই দেখে এসেছি যে দেশের দরিদ্র জনগোষ্ঠীও সঞ্চয় করেন। তবে তা করেন ব্যক্তিগত উদ্যোগে অপ্রাতিষ্ঠানিক ও অনিরাপদভাবে। অন্যদিকে ব্যাংকের জন্য, প্রত্যন্ত অঞ্চলে শাখা খোলাও তুলনামূলকভাবে অলাভজনক। কিন্তু এবারে এই তহবিলের আওতায় দেশজুড়ে আমাদের ৪২৯টি এসএমই ইউনিট অফিসের মাধ্যমে মানুষের কাছে সঞ্চয়ীসুবিধা পৌঁছে দিতে পারব বলে আমরা আশাবাদী।’