ভুল পদ্ধতিতে সূচক গণনা ও নির্ধারিত সময়ের আগে লেনদেন শুরুর অভিযোগে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ সংক্রান্ত চিঠি দিয়েছে। দেশের পুঁজিবাজারের ইতিহাসে স্টক এক্সচেঞ্জকে জরিমানা করার ঘটনা এটাই প্রথম।এসইসি সূত্র জানায়, ভুল পদ্ধতিতে সূচক গণনা ও নির্ধারিত সময়ের আগে লেনদেন শুরু—এ দুটি অভিযোগেই ডিএসইকে জরিমানা করা হয়েছে। তবে সিএসইকে জরিমানা করা হয়েছে কেবল নির্ধারিত সময়ের আগে লেনদেন শুরুর জন্য।যোগাযোগ করা হলে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘দুই স্টক এক্সচেঞ্জেই এ ব্যাপারে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। এসব বিচ্যুতি অনেক ক্ষেত্রেই সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্যই এ জরিমানা করা হয়েছে।’এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্রর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, তিনি এখনো এ সংক্রান্ত কোনো চিঠি পাননি। তাই এ ব্যাপারে এখনই মন্তব্য করতে চান না।এসইসি সূত্রে জানা গেছে, এসব অভিযোগের ব্যাপারে স্টক এক্সচেঞ্জ দুটির অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দিতে একাধিকবার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এসব শুনানিতে স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা নিজেদের ত্রুটির কথা স্বীকারও করেছেন। তাঁদের বক্তব্য ছিল, ১৯৯৮ সাল থেকে বিভিন্ন সময় যাঁরা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তাঁরা বিষয়গুলো ঠিকভাবে পরিপালন করেননি। এসব কারণেই সমস্যাগুলো এত দিন ধরে চলেছে।এসইসি বলছে, তাদের তদন্তে ডিএসইতে একাধিকবার নির্ধারিত সময়ের আগেই লেনদেন সংঘটিত হওয়ার ঘটনা ধরা পড়েছে। গত বছরের ১৬ নভেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় গ্রামীণফোন লিমিটেড। এ দিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে সকাল ১০টা ৫৯ মিনিট ১৭ সেকেন্ডে। অপর আরেকটি ঘটনায় চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ৫৯ মিনিট ১২ সেকেন্ডে এইমস মিউচুয়াল ফান্ডের লেনদেন সংঘটিত হয়। একই ধরনের ঘটনা বিভিন্ন সময় সিএসইতেও ঘটেছে। কিন্তু দুই স্টক এক্সচেঞ্জেরই লেনদেন শুরু হওয়ার কথা ঠিক ১১টায়। স্টক এক্সচেঞ্জ দুটির স্বয়ংক্রিয় লেনদেন বিধিমালা অনুযায়ী এর আগে কোনোভাবেই লেনদেন সংঘটিত হওয়ার কথা নয়।গ্রামীণফোন ও ম্যারিকো বাংলাদেশের শেয়ার তালিকাভুক্তির সময় সূচক গণনার ক্ষেত্রে ডিএসই এসইসির নির্দেশনা অমান্য করেছে বলেও অভিযোগ উঠেছে। এর বাইরে কয়েকটি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে ডিএসই তার নিজের পদ্ধতিই অনুসরণ করেনি বলে জানা গেছে।যেমন, পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয় ২০০৮ সালের ৯ জানুয়ারি। কিন্তু এর তিন দিন পর ১৩ জানুয়ারি কোম্পানিটির লেনদেনের তথ্য সূচকে যুক্ত হয়। একই ঘটনা ঘটে সরাসরি তালিকাভুক্ত বেসরকারি খাতের দুই কোম্পানি এসিআই লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রে। এ দুই কোম্পানি সূচকে যুক্ত হয় চতুর্থ লেনদেন দিবসে। অথচ মেঘনা পেট্রোলিয়াম ও নাভানা সিএনজি লেনদেনের প্রথম দিনেই সূচকে যুক্ত হয়। এসইসির মতে, এটি পুঁজিবাজারের বিধিবিধানের পরিষ্কার লঙ্ঘন।