দেশের দুটি প্রতিষ্ঠানকে বিপিসির 'বিশেষ সুবিধা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চড়া দামে অকটেন কিনেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিদায়ী অর্থবছরে প্রায় ৫০০ কোটি টাকা মুনাফা কম করছে। পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড এবং সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড নামের দেশের দুটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অকটেন কিনছে বিপিসি।

বিপিসি সূত্র জানায়, প্রতি লিটার অকটেনের জন্য এই দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে ৬৭ টাকা করে দেওয়া হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশের বেসরকারি প্রতিষ্ঠান থেকে অকটেন কেনার ক্ষেত্রে মূল্য বৃদ্ধি-সংক্রান্ত এই প্রজ্ঞাপন গত বছরের ২৪ মে জারি করে। এর আগে ২০১৫ সালের ৮ মার্চ আরেক প্রজ্ঞাপনে এই দুটি প্রতিষ্ঠান থেকে অকটেন কেনার দর নির্ধারণ করে দিয়েছিল ৫৬ দশমিক ২৯ টাকা। বিশ্ববাজারে জ্বালানির দাম যখন নিম্নমুখী তখন প্রতি লিটার অকটেনে এই দুটি প্রতিষ্ঠানকে ১০ টাকা ৭১ পয়সা করে উল্টো বাড়িয়ে দেওয়া হয়।

বিপিসি সূত্র জানায়, বিদায়ী অর্থবছরের (২০১৬-১৭) বিপিসি ১ লাখ ৮৭ হাজার ৯৮৫ টন অকটেন বাজারজাত করেছে। এর মধ্যে চলতি বছরের মার্চে ১৫ হাজার টন বিদেশ থেকে আমদানি করা হয়। দেশের গ্যাসফিল্ড থেকে আহরিত কনডেনসেট (কাঁচামাল) সংগ্রহ করে পরিশোধনের মাধ্যমে বাকি ১ লাখ ৭২ হাজার ৯৮৫ টন অকটেন বাজারজাত করেছে বিপিসি।

বিপিসির আমদানি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সংস্কারের (ওভারহোলিং) জন্য বন্ধ করা হলে অকটেন উৎপাদনে ঘাটতি দেখা দেয়। এ জন্য গত মার্চে ১৫ হাজার টন অকটেনের একটি বড় চালান বিদেশ থেকে আমদানি করা হয়। এতে প্রতি ব্যারেল (১৫৯ লিটার) অকটেন ৬৯ দশমিক ৪৬ ডলার দিয়ে কেনা হয়। এর সঙ্গে জাহাজভাড়া, আমদানি শুল্ক, ভ্যাটসহ যাবতীয় খরচ আরও ২৯ শতাংশ যোগ হয়েছে। তাতে এক লিটার অকটেনের দাম বাংলাদেশে পড়েছে প্রায় ৪৬ টাকা। ভোক্তা পর্যায়ে এক লিটার অকটেন বিক্রি হচ্ছে ৮৯ টাকা।

বিপিসি সূত্র জানায়, এক টন অকটেনের সমান ১ হাজার ৩৬৮ লিটার। আর দুটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদায়ী অর্থবছরে ১ লাখ ৭২ হাজার ৯৮৫ টন অকটেন কেনে বিপিসি। আমদানি করা প্রতি লিটার অকটেনের দাম ৪৬ টাকা হিসাবে দেশের দুটি প্রতিষ্ঠানকে বিদায়ী অর্থবছরে ২১ টাকা হিসাবে ৪৯৬ কোটি ৯৫ লাখ টাকা বেশি দেওয়া হয়েছে।

বিপিসির পরিচালক (অপারেশন) ও সরকারের অতিরিক্ত সচিব সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড গত এপ্রিলে সাত-আট দিনের জন্য বন্ধ ছিল। এ জন্য বিপিসি বাফার স্টক (আপৎকালীন মজুত) ঠিক রাখতে ১৫ হাজার টন অকটেন আমদানি করে। এতে প্রতি লিটারের দাম পড়েছে প্রায় ৪৬ টাকা।’

বিশ্ববাজারের চেয়ে দেশের দুটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ২১ টাকা বেশি দরে অকটেন কেনার কারণ জানতে চাইলে বিপিসির পরিচালক (অপারেশন) সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘দাম হ্রাস-বৃদ্ধির সঙ্গে আমাদের কোনো ভূমিকা নেই। বিষয়টি মন্ত্রণালয় দেখে।’

দুটি প্রতিষ্ঠান থেকে অকটেন কেনা-সংক্রান্ত গত বছরের ২৪ মে এবং এর আগে ২০১৫ সালের ৮ মার্চের প্রজ্ঞাপন রাষ্ট্রপতির পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসানুল জব্বার জারি করেন। এ বিষয়ে গতকাল বুধবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাপ্তরিক সভায় ব্যস্ত আছেন বলে জানান। এরপর আরও কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

বিপিসির কর্মকর্তারা জানান, ২০১৪-১৫ অর্থবছরে ১ লাখ ২৬ হাজার ১১৪ টন এবং ২০১৫ অর্থবছরে ১ লাখ ৪৭ হাজার ৫৫৭ টন অকটেন তিনটি বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারজাত করে বিপিসি। বিপণন প্রতিষ্ঠানগুলো হচ্ছে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

বিপিসির দায়িত্বশীল সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছর থেকে অকটেন আমদানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এর চার বছর আগে পেট্রলে স্বয়ংসম্পূর্ণ হয় দেশ। দেশীয় উৎস থেকে পাওয়া কনডেনসেট প্রক্রিয়া করে যে পেট্রল ও অকটেন উৎপাদন হচ্ছে তা দিয়ে দেশের চাহিদা পূরণ হচ্ছে। কিন্তু দেশের এই দুটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চড়া দামে অকটেন কেনায় বিপিসির আয় কম হচ্ছে।