দেশের পুঁজিবাজারে কালোটাকার কোনো প্রভাব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারের দৃষ্টিকোণ থেকে করদাতা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বলে আখ্যায়িত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। সংস্থাটি বলেছে, ঘোষিত বাজেটের কারণে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ার মতো কোনো বিষয় নেই। বিনিয়োগকারীদের অখুশি হওয়ার মতো বিষয়ও নেই বাজেটে।বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার এসব কথা বলেন সিএসইর সভাপতি আল মারুফ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সহসভাপতি এম কে এম মহিউদ্দিন ও পরিচালক মোহাম্মদ মফিজউদ্দিন। সিএসইর সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে বেসরকারি খাতের মিউচুয়াল ফান্ডে ১৫ শতাংশ কর রেয়াত সুবিধার প্রস্তাব করা হয়েছে। ফলে শেয়ারবাজারে করদাতা যেসব বিনিয়োগকারী রয়েছেন, তাঁদের জন্য অন্যান্য আয়ের সঙ্গে এই রেয়াতি সুবিধা সমন্বয়ের সুযোগ ঘটেছে। লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা বেড়েছে, এটিও সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রাপ্তি।সিএসইর সভাপতি বলেন, ‘এবারের বাজেট প্রস্তাবে শেয়ারবাজারে কালোটাকা সাদা করার বিশেষ সুযোগ আর রাখা হয়নি। এমন দাবিও আমাদের ছিল না। কারণ, পুঁজিবাজারে কালোটাকার তেমন কোনো প্রভাব নেই। অতীতে পুঁজিবাজারে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় তাতে বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে—এ রকম কোনো নজিরও নেই।’ সংবাদ সম্মেলনে এও বলা হয়, আয়কর আইন অনুযায়ী অপ্রদর্শিত অর্থ নির্দিষ্ট হারে কর ও জরিমানা দিয়ে বৈধ করার বিধান রয়েছে।