দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববার দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন দরপতন হলো পুঁজিবাজারে। আর এই পাঁচ দিনে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে মূল্যসূচক আড়াই শ পয়েন্টের বেশি কমে গেছে।গতকাল দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ও লেনদেন দুই-ই কমেছে। একই সঙ্গে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাজার বিশ্লেষকেরা বিষয়টিকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। তবে বিনিয়োগকারী বলেছেন, পরিকল্পিতভাবে বাজারে দরপতন ঘটানো হয়েছে। তাঁরা বলেছেন, গতকাল সকাল থেকে গুজব ছড়িয়ে পড়ে বাজার কারসাজির দায়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসি ১০-১২ জন বড় বড় বিনিয়োগকারীর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। এতে ভবিষ্যতে বাজার পড়ে যাবে—এ ধারণাপ্রসূত হয়ে অনেকেই শেয়ার বিক্রি শুরু করেন, যার ফলে বাজারে বড় ধরনের পতন হয়েছে। প্রকৃত পক্ষে মাত্র দুজন বিনিয়োগকারীর বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানা গেছে।গতকাল রোববার ডিএসইর সাধারণ মূল্যসূচক ১ দশমিক ৯৪ শতাংশ বা ১২৮ দশমিক ১৯ পয়েন্ট কমে ছয় হাজার ৪৫৯ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে এক হাজার ৩৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৬৩ কোটি টাকা কম। এ দিন ডিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ২২১টির, বেড়েছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৯৪ দশমিক ৩১ পয়েন্ট বা ২ দশমিক ৬২ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৩৭৫ দশমিক ৫৩ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩১টির, কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে এ দিন ১৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা কম।