দেশের পোশাক কারখানার মানচিত্র হচ্ছে আমেরিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবছর আগে সাভারে রানা প্লাজায় পোশাক কারখানা ধসে পড়ে এক হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যুর পর প্রথম টের পাওয়া গেল বাংলাদেশে অনেক পোশাক কারখানার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন। তারপরই আন্তর্জাতিক সমালোচনার মুখে ও দুটি কনসোর্টিয়ামের সমর্থনে পোশাক কারখানাগুলো সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দেশে মোট কতগুলো পোশাক কারখানা আছে, সুনির্দিষ্টভাবে সে তথ্য কারোরই জানা নেই। বড় বড় কারখানার ঠিকানা ও নির্মাণ তথ্য জানা থাকলেও নথিভুক্ত নয় এমন কারখানার কোনো প্রামাণিক তথ্য নেই।
এই সংকট সমাধানে এগিয়ে এসেছে নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্নস সেন্টার ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস। দুজন অধ্যাপকের পরিচালনায় এই কেন্দ্রের একদল ছাত্রী বাংলাদেশের সব পোশাক কারখানা একটি মানচিত্রের অধীনে আনার কাজ শুরু করেছে। ইতিমধ্যে তারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি অস্থায়ী মানচিত্র নির্মাণ করেছে। পরবর্তী ধাপে নথিভুক্ত নয়, এমন অধিকাংশ কারখানাকে এই মানচিত্রে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে তারা ব্যাপক জরিপের উদ্যোগ নিয়েছে।
প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় এই প্রকল্পের অন্যতম সদস্য সারাহ ম্যানিং জানায়, কাজটি অত্যন্ত দুরূহ, কারণ সাব-কন্ট্রাক্টর হিসেবে কাজ করে, এমন ছোট ছোট কারখানা অনেক সময়েই সরকারিভাবে নথিভুক্ত নয়। এই অবস্থায় নির্ভুল ও সর্বাঙ্গ সুন্দর মানচিত্র নির্মাণ একটি বড় ধরনের চ্যালেঞ্জ। প্রকাশিত সরকারি তথ্যের বাইরে যেসব কারখানা রয়েছে, তাদের খুঁজে বের করতে সাহায্যের জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের সঙ্গে কথা বলছে।
সারাহ জানায়, রানা প্লাজা দুর্ঘটনার পর স্টার্নস থেকে যে গবেষণাপত্র প্রকাশিত হয়, তাতে পাঁচ হাজারেরও অধিক পোশাক কারখানার কথা বলা হয়েছিল। তবে এই সংখ্যা সম্ভবত তারও বেশি। ঢাকা ও চট্টগ্রামের বাইরে অবস্থিত কারাখানাগুলো হিসেবে আনা সম্ভব হলে এই সংখ্যা হয়তো সাত হাজারের কাছাকাছি হবে।
প্রকল্পটির পরিচালক ও স্টার্নস সেন্টারের অধ্যাপক সারাহ লুবোভিৎস এই প্রতিবেদককে জানান, মানচিত্রটি গুরুত্বপূর্ণ এই কারণে যে নির্মাণকাজ শেষ হলে এর মাধ্যমে সমস্যার মোদ্দা চেহারাটি ধরা পড়বে, ফলে তার সমাধানেও ব্যবস্থা নেওয়া সহজ হবে। তিনি মনে করেন, তাঁর ছাত্রদের উদ্ভাবিত মানচিত্রের ফলে বাংলাদেশের অধিকাংশ কারখানা সরেজমিন তদন্তের আওতায় আনা যাবে।
অধ্যাপক লবোভিৎস জানান, এই প্রকল্প সূত্রে তিনি বাংলাদেশের গার্মেন্টস মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। সরকারি পর্যায়েও অনেকের সঙ্গে কথা হয়েছে। তবে মানচিত্রটিকে নীতি-নির্ধারণের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি। এ বছর সেপ্টেম্বরে মানচিত্রটি প্রকাশ হলে সে অবস্থার হয়তো পরিবর্তন হবে।