দেশের প্রথম আইটিসি চালু করল নভোকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো চালু হলো আইটিসি-ইন্টারন্যাশনাল টেরিস্ট্রেরিয়াল কেব্ল। এতে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের ইন্টারনেটের গতি বিঘ্নিত বা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে। একই সঙ্গে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশ বহির্বিশ্বের সঙ্গে ১২ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের ইন্টারনেটভিত্তিক ব্যবসা করতে পারবে বলেও আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আইটিসি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান নভোকম রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তাঁদের কার্যক্রম চালুর ঘোষণা দেয়। লাইসেন্স পেয়ে কার্যক্রম চালু করা এটিই এ ধরনের প্রথম দেশীয় প্রতিষ্ঠান।সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ মইনুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়েজ খান, প্রধান তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রধান বিপণন কর্মকর্তা হাসিবুর রশিদ ও প্রধান কারিগরি কর্মকর্তা তানভীর এহসানুর রহমান বক্তব্য দেন। ফয়েজ খান জানান, আগামী এক বছরের মধ্যে তাঁরা রাজধানীর বাইরে বন্দরনগরী চট্টগ্রামের গ্রাহকদেরও এই সুবিধা দিতে পারবেন।সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান উন্মুক্ত বিশ্বের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ধরনের অনলাইন ব্যবসা বহুগুণ বেড়েছে। নভোকমের কর্মকর্তাদের দাবি, আইটিসি চালু হওয়ায় দেশের ইন্টারনেটভিত্তিক ব্যবসা আর কোনো ধরনের বাধার সম্মুখীন হবে না। কারণ, সরকারের সাবমেরিন কেব্ল ছাড়াও বিকল্প হিসেবে বেসরকারি আইটিসি প্রতিষ্ঠানগুলোর একাধিক ইন্টারনেট সংযোগ থাকবে।