দেশের প্রথম আয়কর মেলা শুরু
কলেজশিক্ষক আশরাফ সেবু এসেছেন রাজধানীর খিলগাঁও থেকে। উত্তরা থেকে এসেছেন বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক সামান্তা আফরিন। আর কণ্ঠশিল্পী ও বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিপিকা মিত্র এসেছেন মেলা প্রাঙ্গণের খুব কাছে অর্থাৎ সেগুনবাগিচা থেকে।তিনজনেই জানালেন, রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জীবনে প্রথম এসেছেন তাঁরা। আর তিনজনই এসেছেন প্রায় একই উদ্দেশ্যে, তা হলো একই জায়গায় বসে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া। এর মাধ্যমে তাঁরা তাঁদের আয়কর নথি খুলবেন। গতকাল রোববার থেকে এই ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ, বিসিএস কর সমিতির সভাপতি এম এ কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।রাজধানী ঢাকার পাশাপাশি বন্দরনগর চট্টগ্রামেও একই সময়ের জন্য আয়কর মেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের মেলা দেশে এটাই প্রথম। মেলার আয়োজক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।মেলায় যা রয়েছে: ঢাকার মেলায় বিবরণী দাখিলের জন্য রাখা হয়েছে ১৮টি কেন্দ্র (বুথ)। সাহায্যকেন্দ্র (হেল্প ডেস্ক) রয়েছে চারটি। এ ছাড়া টিআইএন কেন্দ্র, অভ্যর্থনাকেন্দ্র ও সেবাকেন্দ্র রয়েছে একটি করে। রয়েছে সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের টাকা জমা নেওয়ার একটি করে বুথ। জনতা ব্যাংকের মাধ্যমে পে-অর্ডার আর সোনালী ব্যাংকের মাধ্যমে চালান করার বন্দোবস্ত রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরই টিআইএন নেওয়া ও বিবরণী দাখিলের জন্য উপচে পড়া ভিড় শুরু হয়। করদাতাদের আয়কর বিষয়ে অবহিত করতে প্রতিটি কেন্দ্রে রয়েছেন একজন ডেপুটি কমিশনার (ডিসিটি)। মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা কাউন্টার। মেলায় যেসব সুবিধা দেওয়া হচ্ছে তা হলো: আয়কর বিষয়ে পরামর্শ, নতুন করদাতাদের টিআইএন দেওয়া, আয়কর রিটার্ন ফরম পূরণে সহায়তা, ঢাকা সিটি করপোরেশনের নতুন-পুরোনো করদাতাদের রিটার্ন জমা দেওয়া, চালান ও পে-অর্ডারে কর দেওয়ার ব্যবস্থা, অনলাইনে কর হিসাব করা ইত্যাদি।উদ্বোধন: উদ্বোধনী অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি করের টাকাতেই বাস্তবায়িত হয়। কর নেওয়ার নৈতিক অধিকার রয়েছে নির্বাচিত সরকারের। তবে এই করের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জনগণকে প্রয়োজনীয় সেবা দেওয়াও সরকারের নৈতিক দায়িত্ব। উপদেষ্টা আরও বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকার থাকলে করদাতারা কর দিতে উৎসাহিত হন। আয়কর মেলার কারণে আয়কর বিবরণী দাখিলের ক্ষেত্রে হয়রানি অনেকটা কমে আসবে বলে মনে করেন তিনি।বিবরণী দাখিলের সময়সীমা বাড়ানো সম্পর্কে মসিউর রহমান বলেন, বিবরণী জমা দেওয়ার জন্য আয়করদাতা যথেষ্ট সময় পেয়েছেন বলে মনে হয়। তবে কেউ যদি ত্রুটিপূর্ণ রিটার্ন জমা দেন এবং পরে যদি সংশোধন করতে চান, তাহলে তাঁর সুযোগ দেওয়া উচিত হবে।এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দেশে কম মানুষ কর দেন। এটা আমরা বাড়াতে চাই। মেলার মাধ্যমে করদাতাদের উৎসাহিত করতে চাই।’এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ বলেন, করদাতাদের যাতে হয়রানির শিকার হতে না হয়, সে জন্যই আয়কর মেলার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, দেশে টিআইএনধারীর সংখ্যা ২৭ লাখ। ২০০৯-১০ অর্থবছরে আয়কর দিয়েছেন সাত লাখ ৫৭ হাজার জন। চলতি অর্থবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। মেলার চিত্র: মেলা প্রাঙ্গণে কর দিতে আসা খন্দকার রশিদ আয়কর মেলা সম্পর্কে বলেন, অফিসে কর দিতে গেলে ঘুষ দিতে হয়। তারপর সঙ্গে সঙ্গে রসিদ (প্রাপ্তি স্বীকারপত্র) পাওয়া যায় না। এ জন্যই মেলায় এসেছেন। সার্কেল-৪১, কর অঞ্চল-৫-এর করদাতা হীরেন মজুমদার অভিযোগ করে বলেন, এত করদাতার জন্য মাত্র দুটি ব্যাংকের বুথ রাখা হয়েছে, এটা ঠিক হয়নি। তাই ব্যাংকের বুথসংখ্যা দ্রুত বাড়ানো উচিত। মেলা প্রাঙ্গণ ঘুরে আরও দেখা গেছে, স্বল্প পরিসরের এ আয়োজন ঠিক যেন সামাল দিতে পারছেন না এনবিআরের কর্মকর্তারা। আসলে তাঁরাও আশা করেননি, এ রকম সাড়া পড়বে।কর মেলায় সোনালী ব্যাংকের বুথে চালান জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বেসরকারি ওষুধ কোম্পানির কর্মকর্তা আবদুর রহিম। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় তিনি কিছুটা বিরক্ত। তার পরও তাঁর চোখেমুখে এক ধরনের সন্তুষ্টির প্রকাশ। কারণ এই প্রথম কর দিতে গিয়ে তাঁকে ঘুষ দিতে হচ্ছে না। আবদুর রহিম বলেন, ‘২০০১ সাল থেকে আমি নিয়মিত কর দিয়ে আসছি। আর প্রতিবারই কর দেওয়ার সময় আমাকে এক থেকে দুই হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এই ঘুষ বাঁচাতেই আমি মেলায় এসে কর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ আবুল হাসেম রাজধানীর গাবতলী থেকে মেলায় এসেছিলেন কর দিতে। তিনি বলেন, ‘আমার মূল আয় আসে বাড়িভাড়া থেকে। এ আয়ের বিপরীতে আমি নিয়মিত কর দেওয়ার চেষ্টা করি। গত বৃহস্পতিবার নির্দিষ্ট কর অঞ্চলে কর দিতে গেলে সংশ্লিষ্ট কর কর্মকর্তা আমার কাছে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। সেই জন্য আমি এখানে চলে এসেছি। তবে এখানে এসে মনে হচ্ছে, মেলার পরিধি আরও বাড়ানো দরকার ছিল।’প্রথমবারের মতো টিআইএন খুলতে নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন তারেক জেড। তিনি বলেন, ‘টিআইএন খোলার জন্য আমি স্থানীয় এক উকিলের কাছে গিয়েছিলাম। তিনি আমার কাছে ঘুষ দেওয়ার জন্য টাকা চেয়েছিলেন। কিন্তু এখানে কোনো টাকা ছাড়াই টিআইএন করতে পেরেছি।’দেশে টিআইএনধারীর সংখ্যা ২৭ লাখ। ২০০৯-১০ অর্থবছরে আয়কর দিয়েছেন সাত লাখ ৫৭ হাজার জন। চলতি অর্থবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। চট্টগ্রামে ব্যাপক সাড়া: বন্দরনগর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম ভবনে গতকাল সকালে পাঁচ দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হয়। মেলাটি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। মেলার আয়োজন করেছে চট্টগ্রাম কর বিভাগ। এতে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য সাংসদ তাজুল ইসলাম। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কর কমিশনার হাবিবুর রহমান আখন্দ, সুলতান মাহমুদ, কর আপিল কমিশনার হায়দার খান, কাস্টম কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পরও আমাদের নতুন প্রজন্মকে বিদেশি সাহায্যনির্ভর করে গড়ে তোলা ঠিক নয়। নতুন প্রজন্মের উন্নয়নে সবাইকে আয়কর দেওয়া উচিত।’ মন্ত্রী আরও বলেন, দেশের ভৌত অবকাঠামো উন্নয়নে, লোডশেডিং কমাতে, শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক উন্নয়নে কর প্রধান ভূমিকা পালন করে। কর সম্পর্কে মানুষকে দায়িত্বশীল করে তোলা, এ কাজকে আরও সহজতর করার লক্ষ্যে বর্তমান সরকার আয়কর মেলার আয়োজন করেছে। চট্টগ্রামে আয়কর মেলার প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া যায়। গতকাল সকালেই মেলা প্রাঙ্গণে বিভিন্ন পেশাজীবীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভিড় জমান।কথা হয় মিরসরাই থেকে আসা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসমাইলের সঙ্গে। তিনি বলেন, ‘এবারই প্রথম কর দিতে এসেছি।’ এক জায়গায় আয়করবিষয়ক যাবতীয় সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই কথা বলেন সেবিকা রোকেয়া বেগম। তিনি দ্বিতীয়বারের মতো কর দিতে এসেছেন। আয়কর মেলায় আসার ফলে বিভিন্ন কার্যালয়ে ঘোরার ঝামেলায় পড়তে হচ্ছে না বলে জানান তিনি।মেলায় রয়েছে তথ্যকেন্দ্র। কর আদায়ের সুবিধার জন্য জনতা ও সোনালী ব্যাংকের অস্থায়ী শাখাসহ ৪৯টি বুথ খোলা হয়েছে। এ ছাড়া আয়করসংক্রান্ত বিভিন্ন বিষয়ের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। মেলা উদ্যাপন কমিটির সভাপতি কর কমিশনার রামেন্দ্র চন্দ্র বসাক প্রথম আলোকে বলেন, ‘দেশে এবারই প্রথম একযোগে ঢাকা ও চট্টগ্রামে এ ধরনের মেলা আয়োজনের লক্ষ্য হচ্ছে। এর উদ্দেশ্য আয়কর সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। তা ছাড়া মেলায় এসে একজন করদাতা সহজেই কর দিয়ে যেতে পারবেন। এখানে ব্যাংকের লেনদেন থেকে শুরু করে সব ধরনের সুবিধা রাখা হয়েছে।’মেলার উদ্বোধনী দিনে ৪০ জন নতুন করদাতা স্বপ্রণোদিত হয়ে তাঁদের আয়কর বিবরণী মন্ত্রীর হাতে জমা দেন। মেলা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।