দেশের প্রথম চা প্রদর্শনী শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ চা প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা পুষ্পগুচ্ছ হলে এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ড।

প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এ প্রদর্শনী উদ্বোধনের কথা রয়েছে। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান।

প্রথমবারের মতো এ ধরনের প্রদর্শনী আয়োজনের কারণ সম্পর্কে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, চা-শিল্পকে মানুষের সামনে তুলে ধরা, চা-শিল্পের ইকো ট্যুরিজমকে দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়া এবং ভোক্তা, মালিক, ব্যবসায়ী, শ্রমিকসহ সংশ্লিষ্টদের জন্য একটি মিলনমেলা হিসেবে উপস্থাপন করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

জানা গেছে, প্রদর্শনীতে চা-শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আন্তর্জাতিক সেমিনার, কর্মশালাও অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনী উপলক্ষে একটি থিম সংও তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন শিল্পী পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী ও সালমা। এ গানটির মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

আয়োজকেরা জানিয়েছেন, প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন ও ১৬টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। তিন দিনব্যাপী এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে সিটি গ্রুপ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ, ফিনলে টি, এইচআরসি, ইস্পাহানি ও সিলোন টি।

চা বোর্ডের চেয়ারম্যান সাফিনুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে সাড়ে ১২ কোটি কেজি চা উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে চা বোর্ড। এ আয়োজন ওই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।