বিনিয়োগ আকর্ষণ আর রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ বা বিশ্ব বাণিজ্য কেন্দ্র। তবে কেন্দ্রের সব সুবিধা চালু হতে আরও সময় লাগবে বলে জানা গেছে।
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ১৫০ কোটি টাকা ব্যয়ে বেসমেন্টসহ ২৪ তলা উচ্চতার এই কেন্দ্র নির্মাণ করেছে চট্টগ্রাম চেম্বার।
২০০৪ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্যপদ পায় চট্টগ্রাম চেম্বার। ভবন নির্মাণের কাজ শুরু হয় ধীরগতিতে। গত ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হয়। সদস্যপদ পেতে গুনতে হয় দুই লাখ মার্কিন ডলার। আর প্রতিবছর সদস্যপদ ফি দিতে হচ্ছে ১০ হাজার ডলার করে।
বিশ্ব বাণিজ্য কেন্দ্র চালু হওয়ায় ব্যবসায়ীরা কী সুবিধা পাবেন—জানতে চাইলে এ-সংক্রান্ত কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাংসদ এম এ লতিফ বলেন, ‘স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি ব্যবসায়ীদের মধ্যে সেতু হিসেবে কাজ করবে এই বিশ্ব বাণিজ্য কেন্দ্র। এখানে সুযোগ-সুবিধা ব্যবহার করে বিদেশিরা যেমন পণ্য কেনা বা বিনিয়োগের প্রাথমিক ধাপ শেষ করতে পারবেন; তেমনি দেশীয় ব্যবসায়ীরা নিজেদের পণ্যের প্রদর্শনী করে বা সরাসরি আলোচনার মাধ্যমে বাণিজ্য করার সুযোগ পাবেন।’
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্বের ৯১টি দেশে মোট ৩২৯টি বিশ্ব বাণিজ্য কেন্দ্র রয়েছে। এই বিশাল নেটওয়ার্কে যুক্ত আছে সারা বিশ্বের সাড়ে সাত লাখ ব্যবসায়ী সংগঠন। চট্টগ্রাম চেম্বারও এখন এই নেটওয়ার্কে যুক্ত হলো।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ঘুরে দেখা গেছে, তিনতলা বেসমেন্ট পর্যন্ত আছে গাড়ি পার্কিং সুবিধা। নিচতলা থেকে ১০ তলা পর্যন্ত বিশ্ব বাণিজ্য কেন্দ্রের যেসব অত্যাবশ্যকীয় সুবিধা রাখতে হবে, তার ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রদর্শনী কেন্দ্র, বাণিজ্যকেন্দ্র, সভাকক্ষ, ডব্লিউটিসি ক্লাব, সেমিনারকক্ষ, কনভেনশন হল ইত্যাদি। ভবনের ছাদে হেলিপ্যাড।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সুবিধা প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘এখানে বসে বিদেশি ব্যবসায়ীরা দেশের রপ্তানি পণ্য দেখে রপ্তানিকারকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। বিনিয়োগের জন্য বা কোনো কারখানার পণ্য দেখার জন্য ভবনের ছাদ থেকে হেলিকপ্টারে করে সরাসরি যেতে পারবেন।’
ভবন ঘুরে দেখা যায়, পঞ্চম তলায় স্থায়ী প্রদর্শনী কেন্দ্রের ১৩২টি শোকেসের সব কটিতে এখনো রপ্তানি পণ্যের প্রদর্শন শুরু হয়নি। বড় শিল্প গ্রুপ ও রপ্তানিকারকেরা এসব শোকেস ভাড়া নিতে শুরু করেছেন। কয়েকটি রপ্তানিযোগ্য পণ্যও রাখা হয়েছে। শোকেস ভাড়া নিতে চেম্বার থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ ছাড়া সভাকক্ষ, সেমিনারকক্ষসহ বেশ কিছু সুবিধা চালু হয়েছে। ভবনের ১১ থেকে ২০ তলা পর্যন্ত চার তারকা মানের হোটেলের জন্য বরাদ্দ রাখা হলেও এখনো কোনো হোটেলের সঙ্গে চুক্তি হয়নি। গ্র্যান্ড হায়াতের সঙ্গে আলোচনা চলছে বলে চেম্বার নেতারা জানান। হেলিকপ্টার কেনার পরিকল্পনাও আছে চেম্বারের।
প্রায় দুই যুগ আগে ঢাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। প্রথমে মিন্টো রোডের পশ্চিম প্রান্তে এবং পরে কারওয়ান বাজারের পাশে নির্মাণের পরিকল্পনা হলেও তা বেশি দূর এগোয়নি। তবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বলা হয়, গত বুধবার ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ঢাকা’ নামে সদস্যপদ দেওয়া হয়েছে।
প্রতীকী মূল্যে সরকারের দেওয়া ৭৪ দশমিক ৮৮ কাঠা জমির ওপর এই কেন্দ্র নির্মাণ শুরু হয় ২০০৬ সালে। এটি নির্মাণ করেছে কনকর্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন।