দেশের বর্তমান অর্থনীতি অন্য মাত্রার: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সরকারের তিন বছরে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। অর্থনীতি আর ২০০৮ সালের অবস্থায় নেই। বর্তমানের অর্থনীতি বরং একটি ‘অন্য মাত্রার অর্থনীতি’।রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে গতকাল শনিবার আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেছেন। অনুষ্ঠানে ‘মহাজোট সরকার তিন বছর: আর্থসামাজিক উন্নয়ন, মন্দা মোকাবিলা এবং আগামী দিনের চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।প্রবন্ধে বলা হয়, সরকার একটি দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করেছে (২০০৯-২০২১), যা প্রবৃদ্ধি অব্যাহত রাখতে ও অর্থনীতির কাঠামো পরিবর্তনে ভূমিকা রাখবে।এতে আরও বলা হয়, প্রেক্ষিত পরিকল্পনার প্রান্তিক বছর ২০২১। এই সময়কালে প্রবৃদ্ধির হার বেড়ে ১০ শতাংশ পর্যন্ত উন্নীত হতে পারে। প্রবৃদ্ধির হার ৮ থেকে ১০ শতাংশ হলে এবং জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৪০ শতাংশ হিসেবে মাথাপিছু গড় জাতীয় আয় ১১ বছর বা তার কম সময়ে দ্বিগুণ হবে।অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আগামী আট থেকে নয় বছর দেশে দারিদ্র্য ও বেকারত্ব কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। তিনি জানান, গত তিন বছরে খাদ্য উৎপাদন এক কোটি টন বেড়ে বার্ষিক উৎপাদন দাঁড়িয়েছে তিন কোটি ৬০ লাখ টনে। পণ্য রপ্তানি দেড় হাজার কোটি ডলার থেকে দুই হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছেছে, আমদানি এক হাজার ৮০০ কোটি ডলার থেকে বেড়ে তিন হাজার ৪০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।অর্থমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন তিন হাজার মেগাওয়াট বেড়েছে, পাশাপাশি বেড়েছে বিদ্যুতের চাহিদাও। কারণ, শিল্প খাত, বিশেষ করে রপ্তানি প্রবৃদ্ধির কারণে প্রতিদিনই বিদ্যুতের নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে। অর্থনীতির বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জও রয়েছে বলে স্বীকার করেন তিনি। বলেন, মূল্যস্ফীতি একটা বড় চ্যালেঞ্জ।দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়টি খারাপ অবস্থায় আছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ দায়িত্ব শিক্ষা, যুব, শ্রম ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের। কিন্তু এখানে সমন্বয়টা ঠিকমতো হচ্ছে না। সমন্বয় আরও বাড়াতে হবে। অর্থমন্ত্রী বলেন, প্রশাসনিক সংস্কারের বিষয়ে চিন্তাভাবনা করা দরকার। বিকেন্দ্রীকরণের বিষয়েও চিন্তাভাবনা করতে হবে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা খুব প্রয়োজন। এটা রাখতেই হবে।এ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে হবে বলেও মন্তব্য করেন মুহিত। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, দুটি ক্ষেত্রে বাংলাদেশে অগ্রগতি হচ্ছে। একটি হলো প্রবৃদ্ধি ও অন্যটি হলো মানবসম্পদ উন্নয়ন। অনেক ছোট দেশেরই একসঙ্গে এ দুটি ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি হয়নি। জন্ম থেকেই বহির্বিশ্বে বাংলাদেশের যে নেতিবাচক ভাবমূর্তি ছিল, এখন তা নেই।বিনায়ক সেন আরও বলেন, ‘চলতি অর্থবছরে ৭ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও পরে বলা হচ্ছে, এটা সাড়ে ৬ শতাংশ হবে। আমি মনে করি, ৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও তা সন্তোষজনক। জনসংখ্যা প্রবৃদ্ধির হারের সঙ্গে তুলনা করলে ৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও অগ্রগতি অব্যাহত থাকবে।বিনায়ক সেন আরও বলেন, দেশে বিনিয়োগের উৎপাদনশীলতা এবং শ্রমিকের মজুরি বেড়েছে। তবে বিনিয়োগ বাড়াতে হলে কর আদায় আরও বাড়াতে হবে।অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি ফজলুল হক, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি জসিমউদ্দিন, জাসদ নেতা শরীফ নূরুল আম্বিয়া, ফাইন্যানশিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।