এ সপ্তাহের সাক্ষাৎকার: যুক্তরাষ্ট্রে জিএসপি-সুবিধা বহাল রাখার বিষয়ে শুনানি, দেশের রাজনৈতিক সহিংসতা, পোশাকশিল্পে বর্তমান অবস্থা ও জাতীয় বাজেট নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম
দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা খুব শঙ্কিত
প্রথম আলো: গত ২৮ মার্চ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অগ্রাধিকারমূলক শুল্কসুবিধা (জিএসপি) বহাল রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিতে (ইউএসটিআর) শুনানি হয়েছে। এতে আপনি উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিস্তারিত বলুন। মোহাম্মদ হাতেম: শুনানিতে বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছিল। প্রায় আড়াই ঘণ্টার এ শুনানিতে শ্রমিক সংগঠন, কমপ্লায়েন্স, অগ্নিনিরাপত্তা, আমিনুল হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আমাদের প্রশ্ন করা হয়। আমরা প্রতিটি প্রশ্নের সুনির্দিষ্ট ও সন্তোষজনক জবাব দিয়েছি। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে সরকার ও মালিকপক্ষের নেওয়া সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছি। সবশেষে তাঁদের আমরা বলেছি, গত কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। আরও করতে চায়। এ জন্য আমরা সবাই দৃঢ়প্রতিজ্ঞ। প্রথম আলো: তাহলে আমেরিকার বাজারে জিএসপি বহাল থাকছে—এমন কোনো ঘোষণা কি দেওয়া হয়েছে?মোহাম্মদ হাতেম: না। ঘোষণা আসতে কিছুদিন সময় লাগবে। জুনের দিকে হয়তো আনুষ্ঠানিকভাবে জানা যাবে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র সরকার আরও কিছু কাগজপত্র দেখতে কিংবা আরও কিছু প্রশ্নের জবাব চাইতে পারে। তবে জিএসপি যে বহাল থাকছে, সে ব্যাপারে আমরা ইঙ্গিত পেয়েছি। এটি নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই। প্রথম আলো: দেশের টানা হরতাল আর সহিংসতা পোশাকশিল্পের ওপর কী ধরনের প্রভাব ফেলছে? মোহাম্মদ হাতেম: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা খুব শঙ্কিত। আসলে ২০২১ সালের মধ্যে পোশাক রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করার যে টার্গেট নিয়ে আমরা এগোচ্ছিলাম, তা হোঁচট খেয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় বিদেশি ক্রেতারাও আতঙ্কিত। তাঁরা বাংলাদেশে আসতে চাচ্ছেন না। সম্প্রতি রাশিয়া থেকে আসা দুই ক্রেতা নিরাপত্তার অজুহাতে বিমানবন্দর থেকেই দেশে ফেরত চলে গেছেন। অনেক ক্রেতা কার্যাদেশও বাতিল করেছেন। প্রথম আলো: দেশের এ সংকটময় পরিস্থিতিতে আপনারা ব্যবসায়ীরা কি কোনো উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করছেন?মোহাম্মদ হাতেম: বর্তমান পরিস্থিতি খুব স্পর্শকাতর। আমরা বিব্রতবোধ করছি। আমরা চাই, রাজনৈতিক দলের নেতারা সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান করবেন। অবশ্যই এটি যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব করা প্রয়োজন। কারণ, এটি দীর্ঘস্থায়ী হলে বিপর্যয় ঘটবে। তা ছাড়া আমরা বিভিন্ন দেশে গিয়ে বিদেশিদের বাংলাদেশে আসার আহ্বান জানাচ্ছি। কিন্তু তাঁরা যখন দেশের এ অবস্থা দেখবেন, তখন বিষয়টি খুব লজ্জাজনক হবে। প্রথম আলো: জুনে জাতীয় বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। এ বাজেটে পোশাকশিল্পের জন্য আপনারা কী চান? মোহাম্মদ হাতেম: আমাদের কিছু ‘ভাইটাল’ ইস্যু আছে। যেমন: মূল ঋণপত্রের (এলসির) বিপরীতে দশমিক ৮০ শতাংশ আগাম আয়কর (এআইটি) দিতে হয়। আবার আলাদাভাবে কাঁচামাল কিনতে হলে একইভাবে এআইটি দেওয়া বাধ্যতামূলক। এভাবে একাধিকবার এআইটি দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তা ছাড়া প্রণোদনা দিয়ে আবার কর কাটা হচ্ছে। এসব নিয়ে আমরা অর্থমন্ত্রীর সঙ্গে বসব। প্রথম আলো: সামগ্রিকভাবে বাজেটে আপনারা কী প্রতিফলন দেখতে চান?মোহাম্মদ হাতেম: বিদ্যুৎ ও গ্যাস নিয়ে বাজেটে সুনির্দিষ্ট দিকনির্দেশনা চাই। তা ছাড়া বর্তমান পরিস্থিতিতে কারখানাগুলোকে কমপ্লায়েন্ট করা কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য ঢাকার আশপাশে বিভিন্ন খাতের জন্য আলাদা শিল্পপল্লি গড়ার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ দেখতে চাই।প্রথম আলো: ব্যবসায়ীরা সব সময় গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কথা বলেন। আসলে বিষয়টা কতটা প্রকট?মোহাম্মদ হাতেম: অনেক দিন ধরেই দেশে নতুন বিনিয়োগ আসছে না। আবার যাঁরা বর্তমানে ব্যবসা করছেন, তাঁরা কারখানা সম্প্রসারণ করতে চাইলেও গ্যাস-বিদ্যুতের কারণে পারছেন না। অনেক কারখানা তৈরি করে গ্যাস-বিদ্যুতের জন্য বসে আছেন। আবার শুধু পাইপলাইনে গ্যাসের চাপ না থাকায় প্রায় ৫০ শতাংশ উৎপাদন কম হচ্ছে। নারায়ণগঞ্জে আমার কারখানায় দিনের বেলায় গ্যাস প্রায় থাকে না। তাই রাতে ডাইংয়ের কাজ করাতে হয়। আসলে চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ পাওয়া গেলে রপ্তানি কমপক্ষে ৫০ শতাংশ বেশি করা যেত। তাহলে পোশাক খাতের দুই হাজার কোটি ডলারের রপ্তানি গিয়ে তিন হাজার কোটিতে দাঁড়াত।[সাক্ষাৎকার নিয়েছেন: শুভংকর কর্মকার]