দেশের বাজারে এল টাটার নতুন দুটি ট্রাক
বাংলাদেশের বাজারে ভারতের টাটা মোটরসের আলট্রা সিরিজের দুটি মডেলের ট্রাক নিয়ে এসেছে নিটল মোটরস। রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল সোমবার সন্ধ্যায় আলট্রা-৯১২ ও আলট্রা-৮১২ ট্রাক দুটির বিপণন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের টাটা মোটরসের আন্তর্জাতিক ব্যবসায় (বাণিজ্যিক কাজের গাড়ি) প্রধান রুদ্ররূপ মৈত্র ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।
নিটল-নিলয় গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হালকা ও মাঝারি মানের বাণিজ্যিক কাজে ব্যবহৃত আলট্রা সিরিজের ট্রাক হলো পরবর্তী প্রজন্মের ট্রাক। পণ্য পরিবহনের বিভিন্ন চাহিদার দিক বিবেচনা করে উন্নতমানের কেবিন, মজবুত চেসিস, অত্যাধুনিক প্রযুক্তি আছে এই ট্রাকে। জ্বালানি সাশ্রয়, ধারণক্ষমতা ও আরামের দিক দিয়ে আলট্রা ট্রাক বিশ্বমানের। ট্রাক দুটির ধারণক্ষমতা ৪ থেকে ১১ টন।
আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘টাটার সঙ্গে নিটল মোটরস ৩০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছে। আমরা বিশ্বমানের পণ্য ও সেবা দিয়ে ক্রেতাদের চমৎকার অভিজ্ঞতা দিতে চাই।’