দেশের বাজারে গ্যালাক্সি এস৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার রূপসী বাংলা হোটেলে গতকাল গ্যালাক্সি এস৫ প্রদর্শন করেন স্যামসাং ও রবি আজিয়াটার কর্মকর্তারা  প্রথম আলো
ঢাকার রূপসী বাংলা হোটেলে গতকাল গ্যালাক্সি এস৫ প্রদর্শন করেন স্যামসাং ও রবি আজিয়াটার কর্মকর্তারা প্রথম আলো

প্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড যৌথ উদ্যোগে দেশের বাজারে নিয়ে এসেছে সাড়া জাগানো মোবাইল স্যামসাং গ্যালাক্সি এস৫। সারা বিশ্বে একই সময়ে এই মোবাইল ফোনসেটটি ছাড়া হয়। এরই অংশ হিসেবে বাংলাদেশের বাজারেও ফোনসেটটি ছাড়া হলো। আজ শুক্রবার থেকে সেটটি পাওয়া যাবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে স্যামসাং এস৫ ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন ও মহাব্যবস্থাপক এস এইচ সং এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব।
অনুষ্ঠানে জানানো হয়, গ্যালাক্সি এস৫ মোবাইলটিতে গ্রাহকদের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় অনেক ফিচার আছে, যা জীবনমান উন্নয়নে সহায়তা করবে। ধুলা ও পানিরোধক এই সেটটি ২ দশমিক ১ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরসংবলিত।
এই সেটে নিরাপত্তার জন্য রয়েছে হাতের ছাপ সংরক্ষণের প্রযুক্তি। ফলে সুরক্ষিত হাতের ছাপ ছাড়া এটি যে কেউ ব্যবহার করতে পারে না। অনুষ্ঠানে বলা হয়, গ্যালাক্সি এস৫ মোবাইলে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ছবি তোলা, সম্পাদনা ও শেয়ার করতে পারবেন। এ ছাড়া এতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি।
অনুষ্ঠানে জানানো হয়, গ্যালক্সি এস৫ মোবাইলটি ৬০ হাজার টাকায় পাওয়া যাবে। নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের গ্রাহকেরা এটি ১২ মাসের কিস্তিতে কিনতে পারবেন।