দেশের বাজারে জেনেক্স ন্যানো

দেশের বাজারে টাটা জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ি নিয়ে এল নিটল মটরস। আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে গাড়ির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আমরা আমদানি কম করে রপ্তানি ও উৎপাদনশীলতার ওপর গুরুত্ব দিচ্ছি। তিনি টাটা মটরসকে বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা গড়ে তোলার আহ্বান জানান। এ সময় শিল্পমন্ত্রী নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদকে জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ির দাম বর্তমান দামের চেয়ে এক লাখ টাকা কমিয়ে বিক্রির অনুরোধ জানান। পরে মাতলুব ৩১ জানুয়ারি পর্যন্ত এ গাড়ির দাম এ লাখ টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দেন।
আবদুল মাতলুব আহমাদ বলেন, জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ি। এটি চমৎকার একটি গাড়ি; যা বাংলাদেশের পরিবহনব্যবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে।
অনুষ্ঠানে টাটা মটরসের ইন্টারন্যাশনাল বিজনেস প্যাসেঞ্জার ভেহিকেলসের প্রধান জনি ওম্যান জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ির নানা দিক তুলে ধরে বলেন, এই গাড়ি অল্প জায়গার মধ্যে পার্ক করা যায়। এক লিটার তেলে প্রায় ২২ কিলোমিটার চলতে পারে। এতে ৯৪ লিটার লাগেজ রাখার সুবিধা পাওয়া যাবে। অন্যান্য গাড়ির চেয়ে ৪ শতাংশ শোল্ডার রুম ও ৬ শতাংশ লেগরুম বেশি।
অনুষ্ঠানে জানানো হয়, টাটা জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ি সারা দেশে নিটল মটরসের সব বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে ৮ লাখ ৯৫ হাজার টাকায়। তবে ৩১ জানুয়ারির মধ্যে কিনলে এক লাখ টাকা ছাড় পাওয়া যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ভারতীয় হাইকমিশনার আদর্শ সোয়াইয়া, নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমেদ প্রমুখ।