দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এল স্যামসাং
দেশের বাজারে ‘গ্যালাক্সি এস’ নামে নতুন একটি স্মার্টফোন সেট নিয়ে এসেছে স্যামসাং। যোগাযোগ, বিনোদন, পড়াশোনা আর প্রয়োজনীয় নানা কাজ—সবই করা যাবে এই স্মার্টফোন দিয়ে। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার এক অনুষ্ঠানে উদ্বোধন করা হয় এই মোবাইল ফোনের, যা আজ সোমবার থেকে বাজারে পাওয়া যাবে। সেটটির দাম ধরা হয়েছে ৪৬ হাজার ৯০০ টাকা।অ্যান্ড্রয়েড ২ দশমিক ১ অপারেটিং সিন্টেমের ওপর তৈরি করা এই ফোনটির নানা বৈশিষ্ট্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে কম-বেশি বিস্ময়ের সৃষ্টি করে। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের প্রথম ৪.০ সুপার এমোলেড ডিসপ্লে সম্পন্ন এই ফোনে আছে এক গিগাহার্টস গতির ট্রসেসর ও সোস্যাল হাবসহ নানা ফিচার বা বৈশিষ্ট্য। পাঁচ মেগাপিক্সেল ক্যামেরাসংবলিত এই ফোনসেটে ধারণ করা স্থির বা ভিডিওচিত্র জুম করলেও এর রেজুলেশন কমে না, অর্থাৎ ছবি ফেটে যায় না। এই সেট ব্যবহার করে গান শোনা বা ভিডিও দেখার পাশাপাশি ইন্টারনেট থেকে পছন্দসই বইও ডাউনলোড করে পড়া যাবে।স্যামসাংয়ের ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক কে এইচ লি আনুষ্ঠানিকভাবে সেটটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে নতুন এই ফোনটির বিভিন্ন দিক তুলে ধরেন স্যামসাংয়ের বিপণন ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম।