দেশের বিভিন্ন চিনিকলে আখ মাড়াই শুরু
দেশের বিভিন্ন চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিনিধিদের খবর:চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, গতকাল শনিবার চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ২০১০-১১ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, রাজশাহী-৩ আসনের সাংসদ মো. মেরাজ উদ্দিন মোল্লা, নরসিংদী-২ আসনের আনোয়ারুল আশরাফ খান ও চুয়াডাঙ্গা-২ আসনের আলী আজগার টগর আখ মাড়াই কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাবেশে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আব্দার হোসেন সভাপতিত্ব করেন। চিনিকল চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস।এতে আরও বক্তব্য দেন কেরু আখচাষি সমবায় সমিতির সভাপতি শামসুল হক, আখচাষি কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদার রহমান ও বাংলাদেশ চিনিকল ফেডারেশনের সভাপতি জাহিদুল ইসলাম। এবার কেরু অ্যান্ড কোম্পানি এক লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে আট হাজার ৮৫৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৯ শতাংশ। পঞ্চগড় প্রতিনিধি জানান, গত শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় চিনিকলের ডোঙায় আখ নিক্ষেপ করে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. মজাহারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব নূরজাহান বেগম। এতে সভাপতিত্ব করেন চিনিকলটির এমডি এ বি এম আরশাদ হোসেন।অনুষ্ঠানে বোদা উপজেলার চেয়ারম্যান আবদুল আজিজ, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক ও ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ঠাকুরগাঁও চিনিকলের এমডি শিবেন্দ্র নাথ রায়, জেলা জাতীয় পার্টির নেতা আবু সালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের নেতা রবি মাহমুদ ও আবু তোয়াবুর রহমান এবং আখচাষি জসিয়ার রহমান উপস্থিত ছিলেন।জানা গেছে, এই চিনিকলে চলতি মৌসুমে ৮০ দিনে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ছয় হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।চিনিকলের সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. আতিকুজ্জামান জানান, পঞ্চগড় জেলায় এবার আট হাজার ৫২৫ একর জমিতে আখের চাষ করা হয়েছে।জয়পুরহাট প্রতিনিধি জানান, গত শুক্রবার বিকেলে জয়পুরহাট চিনিকলের ডোঙায় আখ ফেলে নতুন মাড়াই মৌসুমের উদ্বোধন করেন সদর উপজেলার চেয়ারম্যান আব্বাস আলী মণ্ডল এবং চিনিকলটির অবসরপ্রাপ্ত প্রবীণ শ্রমিক মোজাম্মেল হোসেন। এ সময় চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মোফাকখারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।জানা গেছে, জয়পুরহাট চিনিকলে চলতি মৌসুমে এক লাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাড়ে সাত হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে এই চিনির কল এলাকায় ১১ হাজার ৭০০ একর জমিতে আখের চাষ করা হয়েছে।জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জের জিলবাংলা চিনিকলে গত শুক্রবার বিকেলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন ইসলামপুর আসনের সাংসদ ফরিদুল হক।এ উপলক্ষে মিল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সচিব মো. আশরাফ আলী, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, জিলবাংলা চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মোল্লা, আখচাষি শওকাতুল হক কামাল চৌধুরী প্রমুখ।কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে এই চিনিকলে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে নয় হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।