দেশের বিভিন্ন স্থানে আয়কর মেলা শুরু

দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে আয়কর মেলা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: চট্টগ্রামের আগ্রাবাদে প্রস্তাবিত কর ভবনের জন্য নির্ধারিত মাঠে সপ্তাহব্যাপী আয়কর মেলা উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। আয়কর মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও কর অঞ্চল-১-এর কমিশনার মো. দবির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চের সদস্য রমেন্দ্র চন্দ্র বসাক ও মো. হায়দার খান, চট্টগ্রাম কর অঞ্চল-২-এর কমিশনার অপূর্ব কান্তি দাস, কর অঞ্চল-৩-এর কমিশনার মো. নজরুল ইসলাম প্রমুখ।
ময়মনসিংহ: ‘আয় করে সমৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’—এই স্লোগান নিয়ে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। ময়মনসিংহ শহরের কাছারি সড়কে অবস্থিত পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার হুমায়রা সাইদা। মেলায় বিনা মূল্যে চালান ফরম, আয়কর রিটার্ন ফরম সরবরাহ, জমা ও প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করা হবে। আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে। মেলায় ময়মনসিংহের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি ২৫ জন করদাতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামের মিলনায়তনে মঙ্গলবার সকালে আয়কর মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। সহকারী কর কমিশনার এ বি এম কামরুল ইসলামের সভাপতিত্বে মেলায় বিভিন্ন পর্যায়ের করদাতারা উপস্থিত ছিলেন। এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। মেলা ১৯ সেপ্টেম্বর শেষ হবে।
নোয়াখালী: নোয়াখালী পৌরসভা মিলনায়তনে দুপুরে মেলার উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কর কমিশনার ইদ্রিস আলী বিশ্বাস। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৩-১৪ অর্থবছরে নোয়াখালী থেকে ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৩৭ কোটি ৫০ লাখ টাকা আদায় করা সম্ভব হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে নোয়াখালী থেকে ৮৪ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফেনী: শহরের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আয়কর কার্যালয় চত্বরে মেলা উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন। সার্কেল-৮-এর সহকারী কর কমিশনার মোহাম্মদ আলী মজুমদার এতে সভাপতিত্বে করেন।
লক্ষ্মীপুর: শহরের বাগবাড়ী এলাকায় উপকর কমিশনের কার্যালয়ের সামনে আয়কর মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক শামছুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সার্কেলের সহকারী কর কমিশনার বাপন চন্দ্র দাস প্রমুখ।
কুমিল্লা: চার দিনব্যাপী আয়কর মেলা সকালে নগরের নজরুল অ্যাভিনিউয়ে কর ভবনের সামনে শুরু হয়েছে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। কুমিল্লা অঞ্চলের কর কমিশনার মাহবুব হোসেন জানান, মেলায় আয়করদাতারা ২০১৪-১৫ কর বর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। একই সঙ্গে ই-টিআইএন নিবন্ধনও করতে পারবেন।