দেশের বিভিন্ন স্থানে বিডিবিএল ১১টি শাখা খুলবে
ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) দেশের অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক এলাকাগুলোয় ১১টি নতুন শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বিডিবিএলের নতুন শাখাগুলো খোলা হবে ঢাকার মৌলভীবাজার, গুলশান ও ধানমন্ডি, চট্টগ্রামের খাতুনগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, যশোরের নওয়াপাড়া, গাজীপুরের টঙ্গী, নারায়ণগঞ্জ, নরসিংদী, নাটোর এবং সিলেটের বিশ্বনাথে।দেশের বিভিন্ন জেলা শহরে বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ১৭টি শাখা ও তিনটি জোনাল অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে নতুন শাখাগুলো খোলার কাজ শুরু হবে। বিজ্ঞপ্তি।