কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি প্রতিবছরই সামনের দিকে এগিয়ে যায়। একই সঙ্গে এগিয়ে চলে এ দেশের বেসরকারি খাত।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) আয়োজিত এক সেমিনারে এ কথা বলা হয়েছে।‘বেসরকারি খাতের উন্নয়ন: এডিবির ভূমিকা’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্যানচেমের সভাপতি মাসুদ রহমান, এডিবির দক্ষিণ এশিয়া আঞ্চলিক বিভাগের (সার্ড) মহাপরিচালক হুয়ান মিরান্ডা এবং সার্ডের প্রধান বেসরকারি খাত উন্নয়ন বিশেষজ্ঞ গ্র্যান্ট হৌবার, প্রধান বিনিয়োগ বিশেষজ্ঞ সুজাতা গুপ্তা বক্তব্য দেন। এ ছাড়া বাংলাদেশে এডিবি কান্ট্রি ডিরেক্টর এম তেরেসা খো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জি এম কাদের বলেন, কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি প্রতিবছরই সামনের দিকে এগিয়ে যায়, এর বদৌলতে এ দেশ ইতিমধ্যে বৈশ্বিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে। এ দেশের বেসরকারি খাতও সামনের দিকে এগিয়ে চলেছে।সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মডেল গ্রহণের উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বেসরকারি খাতকে সহায়তা দিতে সরকার সবসময় প্রস্তুত।হিদার ক্রুডেন বলেন, বাংলাদেশে পর্যাপ্ত মানবসম্পদ রয়েছে। যাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা প্রয়োজন, যাতে বেসরকারি খাতের উন্নয়ন জোরদার হয়।মাসুদ রহমান বলেন, বাংলাদেশের বেসরকারি খাতের জন্য একটি সঠিক নীতিমালা ও নিয়ন্ত্রণ কাঠামো দরকার, যাতে বেসরকারি বিনিয়োগ সুরক্ষা পায় এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে। হুয়ান মিরান্ডা বলেন, ব্যাপক আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এরই মধ্যে বৈশ্বিক অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে বটে; কিন্তু তা সত্ত্বেও এ দেশকে এখনো আরও দ্রুত প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য বিমোচন করতে হবে। সেই সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের।বাংলাদেশ যেভাবে সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে, তা তুলে ধরে গ্র্যান্ট হৌবার বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও উন্নয়ন ঘটাতে হবে।সুজাতা গুপ্তা বলেন, একটি উন্নয়ন ব্যাংক হিসেবে এডিবি পুঁজিবাজারের উন্নয়নসহ বেসরকারি খাতকে উচ্চমাত্রায় সহায়তা করে। এ জন্য এডিবি মধ্যম ও দীর্ঘ মেয়াদে ঋণ দেয় বলে তিনি উল্লেখ করেন।