দেশের ব্যবসায়ীদের কাছে উদাহরণ এই পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ‘বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড-২০১২’ সম্মানে ভূষিত হওয়ায় শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা মনে করেন, এতে দেশের ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি হবে। ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার আরও স্বীকৃতি পাবে দেশের ব্যবসায়ী সমাজ।ঢাকায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার দেশের ব্যবসায়ী সমাজের জন্য এই গৌরবের স্বীকৃতির ঘোষণা দেন। ব্যবসায়ী সমাজের আন্তর্জাতিক ছয়টি বাণিজ্য সংগঠনের সঙ্গে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বিজনেস ফর পিস ফাউন্ডেশনের অন্যতম সহযোগী অংশীদার। সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) সভাপতি আমজাদ খান চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহিম, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম, ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি এরশাদ আহমেদ, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোর্শেদ মুরাদ। এ ছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া এ রহমান, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেমসহ বেশ কিছু ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কে আজাদ প্রথম আলোকে বলেন, এ ধরনের পুরস্কার দেশের ব্যবসায়ী সমাজের জন্য এটাই প্রথম। এই পুরস্কার কেবল লতিফুর রহমানের নয়, গোটা ব্যবসায়ী সমাজের। তিনি বলেন, ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার এই স্বীকৃতির জন্য লতিফুর রহমান গোটা দেশের ব্যবসায়ীদের কাছে উদাহরণ হয়ে থাকবেন।আমজাদ খান চৌধুরী বলেন, তিনি অত্যন্ত আনন্দিত। লতিফুর রহমান তাঁর সব উদ্যোগ ও ব্যবসায় নৈতিকতা যেভাবে রক্ষা করেছেন, তার স্বীকৃতিই মিলেছে। দেশের ব্যবসায়ী সমাজ এতে গর্বিত।আফতাব উল ইসলাম বলেন, এ দেশে ব্যবসা করা কঠিন কাজ। তার মধ্যে থেকে এ ধরনের স্বীকৃতি দেশের বেসরকারি খাতের ব্যবসার জন্য বড় গৌরবের। তিনি নিজেও এই স্বীকৃতিতে গর্বিত।ফজলুল হক বলেন, এই স্বীকৃতি বিশ্বের কাছে দেশের ব্যবসা-বাণিজ্যকে আরও ওপরে তুলে আনবে। বিশেষত রপ্তানি বাণিজ্যে অগ্রগতি হবে। বাংলাদেশকে নতুনভাবে মানুষ চিনবে। দেশের ব্যবসায় ও বাণিজ্যে সুনাম বয়ে আনবে।