দেশের ব্যাংকারদের জন্য মালয়েশিয়ায় আইসিসির কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি) বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক বাণিজ্যের অর্থায়নবিধি ও উপকরণ বিষয়ে মালয়েশিয়ায় তিন দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে।

আইসিসি মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশি ব্যাংকারদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও ১৮টি ব্যাংক থেকে ৯০ জন কর্মকর্তা যোগ দেন। 

কর্মশালাটি পরিচালনা করেন আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন বিশেষজ্ঞ ভিনসেন্ট ও’ব্রায়ান। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসি মালয়েশিয়ার নির্বাহী পরিচালক ড. অন টিন, আইসিসি বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান ও উপমহাব্যবস্থাপক অজয় বিহারী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

আইসিসি বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশি ব্যাংকারদের মালয়েশিয়ার ব্যাংকারদের সঙ্গে পারস্পরিক আলাপ-আলোচনার সুযোগ করে দিতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।