এ সপ্তাহের সাক্ষাৎকার: এবার বৃহৎ শিল্প খাতে অন্যতম সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) হয়েছেন জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাখাওয়াত হোসেন। প্রথম আলোর সঙ্গে তিনি কথা বলেছেন শিল্প খাত নিয়ে
দেশের ভেতর জাহাজের চাহিদা এখন বাড়ছে
প্রথম আলো: দ্বিতীয়বারের মতো সিআইপি মনোনীত হয়েছেন। এ জন্য অভিনন্দন। এই প্রাপ্তিকে কীভাবে দেখছেন?মো. সাখাওয়াত হোসেন: আপনাকে ধন্যবাদ। সরকার এবারও আমাকে সিআইপি মর্যাদা দিয়ে সম্মানিত করেছে, সে জন্য সরকারের কাছেও আমি কৃতজ্ঞ। তবে আমি মনে করি, এটি আমার একার প্রাপ্তি নয়। আমার প্রতিষ্ঠানে যে সাড়ে তিন হাজার লোক কাজ করছেন, এটি তাঁদের প্রত্যেকের প্রাপ্তি। কারণ, তাঁদের কারণেই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আজকের অবস্থানে এসেছে। আর প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি এই সম্মানে ভূষিত হয়েছি। সর্বোপরি এটি জাহাজ নির্মাণশিল্পের জন্যও স্বীকৃতি।প্রথম আলো: সরকারের পক্ষ থেকে শিল্পপতিদের সিআইপি মর্যাদা প্রদানের বিষয়টি শিল্পে কীভাবে অবদান রাখে বলে মনে করেন? সাখাওয়াত হোসেন: এটি খুবই ইতিবাচক উদ্যোগ। যাঁরা এই সম্মান পেয়েছেন, তাঁরা যেমন এতে উৎসাহিত হন, তেমনি যাঁরা নতুন উদ্যোক্তা আছেন, তাঁরাও উৎসাহিত হবেন। এভাবে এটি শিল্পবিকাশে সহায়ক ভূমিকা রাখবে। এ জন্যই সরকার প্রতিবছর এ সম্মাননা দিয়ে থাকে। যদিও এর সুযোগ-সুবিধা সীমিত। তার পরও সরকারের প্রতি আমার প্রত্যাশা, সিআইপিদের যেসব সুবিধা প্রদানের কথা বলা হয়েছে, সেগুলো যেন সংশ্লিষ্ট ব্যক্তিরা সহজে পেতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে।প্রথম আলো: জাহাজ নির্মাণশিল্পের উদ্যোক্তা হিসেবে আপনি সিআইপি মর্যাদা পেয়েছেন। এ শিল্পের বর্তমান অবস্থা কী? সাখাওয়াত হোসেন: দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে বর্তমানে এই শিল্পে এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। বৈশ্বিক মন্দার কারণে বিদেশি ক্রয় আদেশ কমে গেছে। কোনো কোনো ক্ষেত্রে পুরোনো ক্রয় আদেশও বাতিল করা হচ্ছে। এ কারণে রপ্তানি আয় কমে গেছে। তবে দেশের অভ্যন্তরে জাহাজের চাহিদা বেড়েছে। এই চাহিদার বিপরীতে জাহাজ তৈরিতে যে অর্থের প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। তারল্যসংকটের কারণে ব্যাংকগুলো আমাদের চাহিদামতো অর্থের জোগান দিতে পারছে না। এ কারণে উৎপাদনেও কিছুটা ধীর গতি নেমে এসেছে।প্রথম আলো: এই শিল্পের প্রধান সমস্যা কী?সাখাওয়াত হোসেন: এ শিল্পের বড় সমস্যা এখন তহবিল ব্যয় বেড়ে যাওয়া। এমনিতেই ব্যাংকগুলো থেকে চাহিদা অনুযায়ী অর্থ-সহায়তা পাওয়া যাচ্ছে না। তার ওপর ব্যাংকঋণের ১৮ শতাংশ সুদ। ব্যাংকের এই সুদহার বিদ্যমান থাকলে এই শিল্পকে কোনো অবস্থাতেই টিকিয়ে রাখা যাবে না। ক্রমবর্ধমান এই শিল্পের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই ব্যাংকের সুদের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে। প্রথম আলো: আগামী বছরগুলোতে এ শিল্পের কেমন প্রবৃদ্ধি হবে বলে মনে করছেন? সাখাওয়াত হোসেন: আমি মনে করি, ভবিষ্যতে এই শিল্প হতে পারে রপ্তানি আয়ের অনেক বড় একটি খাত। এ খাত থেকেই ২০ বিলিয়ন বা দুই হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রা বা আয় করা সম্ভব। সেই সঙ্গে কর্মসংস্থানেও এই শিল্প বড় ভূমিকা রাখতে পারে। আমি আশা করছি, ২০১৫ সালের মধ্যে ২০টি শিপইয়ার্ড গড়ে উঠবে। এতে প্রত্যক্ষভাবে এক লাখ লোকের কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে কর্মসংস্থান ঘটবে আরও দুই লাখ লোকের। কারণ, জাহাজ নির্মাণশিল্পের সঙ্গে ১৭টি পশ্চাদমুখী সংযোগ শিল্প জড়িত।প্রথম আলো: অর্থনীতিতে এই শিল্পের অবদান কেমন?সাখাওয়াত হোসেন: চলতি বছর ইতিমধ্যে আমার প্রতিষ্ঠান ৬০০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে। এ ছাড়া দেশে ব্যবহারের জন্য জাহাজ তৈরি করায় আরও ১৫০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। তেমনিভাবে এ খাতের অন্য প্রতিষ্ঠানগুলোও একইভাবে অবদান রাখছে। এ তো গেল আয়ের দিক থেকে অর্থনীতিতে অবদানের বিষয়। পাশাপাশি বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে এই শিল্পে। এর চেয়েও বড় বিষয় এই শিল্প বিদেশে বাংলাদেশের সুনাম বা ইমেজ তৈরিতে বড় ভূমিকা রাখছে, যা টাকার অঙ্কে পরিমাপ করা সম্ভব নয়। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে চেনে জাহাজ নির্মাণকারী দেশ হিসেবে।প্রথম আলো: দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির পথে প্রধান বাধা কী বলে মনে করেন? সাখাওয়াত হোসেন: এ ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এসব বিষয় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। রাজনৈতিক মতভিন্নতা থাকবেই, কিন্তু সেটি যেন সহিংসতায় রূপ না নেয়। দেশের অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে আলাপ-আলোচনার মাধ্যমে সব রাজনৈতিক সমস্যার সমাধান করা দরকার। অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেওয়ার কাজটি আমরা ব্যবসায়ীরা সঠিকভাবে করতে পারব, যদি একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হয়।[সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন]