দেশের যন্ত্রপাতি খাতে বিনিয়োগে আগ্রহী জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে স্থাপিত হতে যাওয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ প্রস্তাব দেওয়া হলে জার্মানির ব্যবসায়ীরা ভারী ও হালকা যন্ত্রপাতি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য তাঁরা এ দেশে কারখানা প্রতিষ্ঠা করতেও আগ্রহী।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা জানিয়েছেন।
জার্মানি সফররত বাণিজ্যমন্ত্রী গত বুধবার দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী গার্ড মুলার, শ্রম ও সামাজিক কল্যাণবিষয়ক সচিব ইয়োর্গ অসমুসেন এবং এশিয়া প্যাসিফিক-জার্মান বিজনেস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বাংলাদেশে বিনিয়োগের এই আগ্রহের কথা জানান দেশটির ব্যবসায়ীরা।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, জার্মানির ব্যবসায়ীরা দেশের চাহিদামতো অন্যান্য খাতেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। আর দেশটির সরকার বাংলাদেশের শ্রম অধিকার, শ্রমিকদের কল্যাণ তথা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিকসহ নানা ক্ষেত্রে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালে জার্মান মন্ত্রী গার্ড মুলার আগামী জুনের পর যেকোনো সময়ে এ দেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, জার্মান সরকারের উন্নয়ন সংস্থার মাধ্যমে তাঁরা বাংলাদেশকে দেওয়া চলমান সহযোগিতা অব্যাহত রাখবেন। বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি প্রতিষ্ঠায় দেশটির সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে।