দেশের রড দিয়েই চাহিদা মেটাতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে আমদানি না করে দেশে উৎপাদিত রড দিয়েই চাহিদা পূরণ করতে ইস্পাত শিল্পকারখানার মালিকদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। এ ক্ষেত্রে সরকার ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান তিনি।বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি ব্যবসায়ীদের এ কথা বলেন।বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। বৈঠকে সমিতির চেয়ারম্যান শেখ মাসাদুল আলম, মহাসচিব আবুল কাশেম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার দেশে ইস্পাতশিল্প টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতা দেবে। তিনি চাহিদা অনুযায়ী রড উৎপাদন করতে ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।ইস্পাতশিল্প মালিকেরা জানান, বর্তমানে দেশে উৎপাদিত রড দিয়ে দেশের চাহিদা পূরণ করার পরও অন্তত ২০ শতাংশ বিদেশে রপ্তানি করা সম্ভব।