দেশের শিল্প সম্পর্কে শিল্পমন্ত্রীর ধারণা নেই: মির্জা জলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারীকরণ কমিশন নিয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল। মির্জা জলিল বলেছেন, কমিশন সম্পর্কে শিল্পমন্ত্রী মিথ্যাচার করেছেন। দেশের শিল্প সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই। গতকাল কমিশনের সভা শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা জলিল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এর আগে ৬ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, দেশে বর্তমানে বেসরকারীকরণ কমিশন নামে সরকারি কোনো প্রতিষ্ঠানের আর প্রয়োজন নেই।শিল্পমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘কমিশন থাকবে কি থাকবে না, এ নিয়ে কথা বলার কোনো এখতিয়ার শিল্পমন্ত্রীর নেই। তিনি (শিল্পমন্ত্রী) নিশ্চয় প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার চাইতে শক্তিশালী নন।’এদিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য চূড়ান্ত হওয়া বস্ত্র খাতের দুটি মিলের নির্ধারিত বিক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত সাড়ে তিন কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেবেন ক্রেতারা। এর আগে কমিশন সাড়ে ২৮ কোটি টাকায় মাগুরা টেক্সটাইল মিল ও ২৮ কোটি ১০ লাখ টাকায় রাঙ্গামাটি টেক্সটাইল মিল দুটি বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তবে সরকারের লোকসান কমাতে ক্রেতাদের কাছ থেকে কিছু বাড়তি টাকা আদায় করা যায় কি না, সে জন্য কমিশনের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে মাগুরা টেক্সটাইল মিলের ক্রেতার কাছ থেকে অতিরিক্ত আড়াই কোটি টাকা এবং রাঙ্গামাটি টেক্সটাইল মিলের ক্রেতার কাছ থেকে বাড়তি এক কোটি টাকা আদায়ের বিষয়টি নিশ্চিত করা হয়।