দেশের শেয়ারবাজারে দরপতন ঘটছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন ঘটছেই। বাজারসংশ্লিষ্ট, বিশেষজ্ঞসহ সব মহলের ধারণা ছিল, আদালতের রায়ের পর বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু ঘটল উল্টোটি। রায় ঘোষণার পরও দরপতনের ধারা থেকে বের হতে পারেনি দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার লেনদেনের শুরুতে মূল্যসূচকের বেশ উল্লম্ফন ছিল। লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটের মধ্যেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এক লাফে ১৫৩ পয়েন্ট বেড়ে যায়। ততক্ষণে বাজারে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারেরও দাম আগের দিনের চেয়ে কয়েক শতাংশ বৃদ্ধি পায়। কিন্তু সেই অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিন শেষে গতকাল ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে দাঁড়ায় চার হাজার ২৮৮ পয়েন্টে। এদিন ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ১৭২ পয়েন্ট। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দায়ের হওয়া পাঁচটি রিট আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছিলেন, ‘বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।’ কিন্তু গতকাল দিনের শুরুতে বাজারে ইতিবাচক প্রভাব পড়লেও সেটির স্থায়িত্ব ছিল মাত্র ১৫ মিনিট।গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এসইসির ২সিসি ধারা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া পাঁচটি রিট আবেদন খারিজ করে দেন। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘সকালের ঊর্ধ্বমুখী বাজারে হঠাৎ করে কোথা থেকে এত বেশি শেয়ার বিক্রির চাপ এল সেটি খতিয়ে দেখা দরকার। সাধারণ বিনিয়োগকারীদের দিক থেকে এ ধরনের বিক্রির চাপ তৈরি হওয়ার কথা নয়।’মোহাম্মদ মূসা আরও বলেন, ‘আদালতের রায় যাদের বিপক্ষে গেছে, তারা অনেক বেশি শক্তিশালী গোষ্ঠী। তাই এই পতনের পেছনে তাদের কোনো ধরনের ভূমিকা রয়েছে কি না, সেটা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি বাজারে অন্য কোনো সংকট আছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। এ মুহূর্তে বাজারের ওপর তদারকির ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে কেউ কোনো ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করতে না পারে।’ডিএসইতে গতকাল রোববার মোট ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে কমেছে ১৫৮টি, বেড়েছে ৮১টি ও অপরিবর্তিত ছিল ২৮টি কোম্পানির শেয়ারের দর। এদিন ঢাকার শেয়ারবাজারে ১৭৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি টাকা বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৭০ পয়েন্ট কমে ১২ হাজার ৯৪৭ পয়েন্টে নেমে এসেছে। সিএসইতে এদিন মোট ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে কমেছে ১২২টি, বেড়েছে ৪৮টি এবং অপরিবর্তিত ছিল ১২টি কোম্পানির শেয়ারের দর। দিন শেষে সিএসইতে প্রায় ৪৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি।