দেশের শেয়ারবাজারে লেনদেনে নিম্নগতি
দেশের শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ অনেক কমে গেছে। বাজেট-পরবর্তী তিন কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪০ কোটি টাকা। এটি গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।এদিকে গত সোমবার জাতীয় সংসদে শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে গতকাল তাঁরা রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছেন।অর্থমন্ত্রী গত সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরে শেয়ারবাজারকে ‘দুষ্ট বাজার’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, এটা নিয়ে চিন্তা না করলেও দেশের অর্থনীতিতে খারাপ কোনো প্রভাব পড়বে না। গতকাল দিনভর অর্থমন্ত্রীর এ মন্তব্য ছিল শেয়ারবাজারের আলোচিত বিষয়।ডিএসইর সভাপতি রকিবুর রহমান এ বিষয়ে গতকাল সাংবাদিকদের বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে অর্থমন্ত্রীর এ ধরনের বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। রকিবুর রহমান আরও বলেন, ‘মনে হচ্ছে, অর্থমন্ত্রী একটু অধৈর্য হয়ে পড়েছেন। উনি প্রণোদনা দিয়েছেন। কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে কি না দেখতে হবে। এ জন্য সময় লাগবে। কিছু দুষ্ট লোক বাজার প্রভাবিত করতে পারে। এমনকি আমিও হতে পারি। তবে শেয়ারবাজার দুষ্ট হতে পারে না।’