দেশের সেরা রপ্তানিকারকদের পুরস্কৃত করবে এইচএসবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সেরা রপ্তানিকারকদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে বিশ্বের স্থানীয় ব্যাংক খ্যাত দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড। রপ্তানিকারকদের বিশ্বব্যাপী অর্জন ও সাফল্যের স্বীকৃতি দিতেই ‘এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০০৯’ নামে এ পুরস্কারের প্রবর্তন করেছে ব্যাংকটি।রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইচএসবিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল বুধবার এসব তথ্য জানান। অনুষ্ঠানে জানানো হয়, চারটি শ্রেণীতে মোট পাঁচটি খাতে এ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে তালিকায় শীর্ষে থাকা পুরস্কারটির নাম বছরের সেরা রপ্তানিকারক তৈরি পোশাক ও বস্ত্র খাত। এ পুরস্কারটি ‘এ’ ও ‘বি’ দুটি গ্রুপে বিভক্ত। যেসব প্রতিষ্ঠানের বার্ষিক রপ্তানির পরিমাণ পাঁচ কোটি ডলারের বেশি তারা ‘এ’ গ্রুপের অন্তর্ভুক্ত। আর যাদের রপ্তানি এর নিচে তাদের ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় পুরস্কারটির নাম সেরা রপ্তানিকারক ইপিজেড প্রতিষ্ঠান। কেবল রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) রপ্তানিকারকদের জন্য এ পুরস্কারটি রাখা হয়েছে। ইপিজেডের সব ধরনের রপ্তানিকারক প্রতিষ্ঠান এ পুরস্কারের মনোনয়নের জন্য আবেদন করতে পারবে। সনাতন ও উদীয়মান খাতের জন্যও রয়েছে একটি পুরস্কার। তৈরি পোশাক ও বস্ত্র খাত ছাড়া অন্যান্য পণ্যের রপ্তানিকারকদের জন্য এ পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে। বছরে ৩০ লাখ ডলারের বেশি রপ্তানি যেসব প্রতিষ্ঠানের তারা এ পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। সবশেষ পুরস্কারটি বরাদ্দ রাখা হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের জন্য। তৈরি পোশাক ও বস্ত্র খাত ছাড়া অন্য পণ্যের রপ্তানিকারকেরা এ পুরস্কারের মনোনয়নের জন্য আবেদন করতে পারবে। তবে আবেদনকারী প্রতিষ্ঠানের বার্ষিক রপ্তানির পরিমাণ ৩০ লাখ ডলারের কম হতে হবে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহবুব-উর রহমান, ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন বিভাগের প্রধান মোহাম্মদ শহিদুজ্জামান এবং মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান খান। সঞ্জয় প্রকাশ বলেন, বাংলাদেশের তৈরি পণ্য যাঁরা বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেন, তাঁরা অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের সম্মানিত করার সুযোগ পেয়ে এইচএসবিসি গর্বিত। এইচএসবিসি দেশের মোট রপ্তানির নয় শতাংশ প্রক্রিয়া করে থাকে।মাহবুব-উর-রহমান বলেন, এ পুরস্কারের কোনো আর্থিক মূল্য নেই। তবে তারা বিশ্বে ৮৬টি দেশে এইচএসবিসির গ্রাহকদের সঙ্গে সংযুক্তির সুযোগ পাবেন বিজয়ীরা। এর অংশ হিসেবে পুরস্কার বিজয়ীদের চীনের সাংহাইয়ে রপ্তানি মেলায় ভ্রমণের সুযোগ দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরস্কারের জন্য আগ্রহী ব্যক্তিরা ২৫ মার্চের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নের ফরমসহ ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.hsbc.com.bd-এ ঠিকানায়। এইচএসবিসির এ উদ্যোগের নলেজ পার্টনার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।