দেশের ১০ বিশিষ্ট তরুণকে স্বীকৃতি দেবে জেসিআই
বাংলাদেশি ১০ তরুণকে তাঁদের কার্যক্ষেত্রে অতুলনীয় অবদানের জন্য স্বীকৃতি দেবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সফল তরুণদের স্বীকৃতি দিয়ে তাঁদের সাফল্যগাথা দেশের তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ কার্যক্রম আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছে সংগঠনটি।
এ কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পারসন অব বাংলাদেশ বা টিওওয়াইপি বাংলাদেশ’। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জেসিআই বাংলাদেশ জানায়, সম্মাননা দেওয়ার জন্য সফল তরুণদের নাম বাছাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে জেসিআই বাংলাদেশের সভাপতি শাখাওয়াৎ হোসেন মামুন বলেন, প্রাথমিক বাছাইয়ে ব্যবসায়িক ক্ষেত্রে, সমাজে নিজের কাজের মধ্য দিয়ে মানবসেবায় এবং চিকিৎসা ও সংস্কৃতিতে অবদান রাখা তরুণদের মনোনয়ন দেওয়া হবে। পরিচিত এমন সফল তরুণ থাকলে প্রাথমিক বাছাইয়ে তাঁদের নাম জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।
শাখাওয়াৎ হোসেন বলেন, ‘আমাদের যোগ্য তরুণেরা বিশ্বের অন্য তরুণদের কাছে রোল মডেল হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।’
অনুষ্ঠানে জানানো হয়, জেসিআই বাংলাদেশ তৃতীয়বারের মতো এ আয়োজন করতে যাচ্ছে। এর আগে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান, বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান, জাগোর প্রতিষ্ঠাতা করভী রাকশান্দের মতো তরুণদের এই সম্মানে ভূষিত করেছিল জেসিআই বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে জেসিআই বাংলাদেশের সহসভাপতি আমজাদ হোসেইন, কোষাধ্যক্ষ ইরফান ইসলাম, পরিচালক শাহেদ আলী, সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।