সংবিধানের ৮ থেকে ৪৩ পর্যন্ত অনুচ্ছেদে বর্ণিত জনগণের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত মানুষই দরিদ্র। সে বিবেচনায় বাংলাদেশের শতকরা ৮৩ ভাগ মানুষই দরিদ্র।গতকাল শনিবার এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ২১তম মাসিক সাধারণ সভায় অর্থনীতিবিদ আবুল বারকাত তাঁর বিশেষ বক্তৃতায় এসব তথ্য দিয়েছেন।আবুল বারকাত আরও বলেছেন, ‘সংবিধান দারিদ্র্য দূরীকরণে যা নিশ্চিত করার কথা বলছে আর বাস্তব প্রবণতা যা দেখছি, তাতে করে মৌলিক চাহিদা পদ্ধতিতে জাতীয় ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনে সময় লাগবে ২০০ থেকে ৩০০ বছর। বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক।’ আবুল বারকাত বলেন, দরিদ্র মানুষের প্রকৃত হারটি সরকারি হিসাবের মোট জনসংখ্যার ৩২ শতাংশ নয়, হবে ৮৩ শতাংশ। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের মিলনায়তনে অনুষ্ঠিত এই বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজা খানম। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম খান প্রমুখ। অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত দারিদ্র্য বিমোচনে ১২ দফা সুপারিশও করেন। এগুলো হলো—বণ্টন-ন্যায্যতা নিশ্চিতসহ উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি, অধিকতর কার্যকরী ও উৎপাদনশীল কৃষি, অধিক হারে কর্মসংস্থান সৃষ্টিসহ ন্যায্য মজুরির নিশ্চয়তা, শিল্পায়ন, কৃষি-ভূমি-জলা সংস্কার, নারীর ক্ষমতায়ন, বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর, শক্তিশালী সরকারি স্বাস্থ্যসেবা খাত, সুসংগঠিত সামাজিক বিমা ব্যবস্থা এবং রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণ। আবুল বারকাত আরও বলেন, ‘ক্ষমতাবানেরা এখন কালো অর্থনীতির একটি বলয় সৃষ্টি করেছেন, যেখানে বছরে ৭৫-৮০ হাজার কোটি টাকার সৃষ্টি হয়। আর এটি জাতীয় আয়ের এক-পঞ্চমাংশ।’ বারকাত বলেন, ক্ষমতাবানেরা অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রে এমন এক স্থবিরতা সৃষ্টি করেছেন, যেখানে দারিদ্র্য বিমোচন অসম্ভব। বিশেষত তাঁরাই রাষ্ট্রক্ষমতায় থেকে অথবা তাকে ব্যবহার করে দারিদ্র্য বিমোচন কর্মকাণ্ড দুরূহ করছেন। বিগত সরকারের সময়ে নিত্যপণ্যের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে মূল্য-সন্ত্রাসীরা দুই লাখ ৮৬ হাজার ১১০ কেটি টাকা লুট করেছে বলে মনে করেন বারকাত। তিনি বলেন, ‘এর মানে এই নয় যে গত আড়াই বছরে কোনো লুট হয়নি।’ দারিদ্র্য বিমোচনের দায়িত্ব সম্পর্কে এক প্রশ্নের জবাবে আবুল বারকাত বলেন, ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এখন বিড়াল আর বিড়াল নেই। বিড়াল বাঘে পরিণত হয়েছে।’প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক জামাল নজরুল ইসলাম বলেন, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ দিয়ে এ দেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি করে গেছে। এসব দাতাসংস্থা যে টাকা দেয়, তার ৯০ শতাংশই ফেরত দিতে হয়। অধ্যাপক নজরুল ইসলাম মনে করেন, দারিদ্র্য বিমোচনে কাঠামোগত পরিবর্তন দরকার। কোনো বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্যবিষয়ক গবেষণাকেন্দ্র নেই। সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হলো দুর্নীতি। দুর্নীতি দূর করতে না পারলে কিছুই হবে না। উপস্থাপিত প্রবন্ধের মাধ্যমে কিছু ভাবনা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে।