সাভারে রানা প্লাজা ধসের ২ বছর: জুরাইন কবরস্থানে ফুলেল শ্রদ্ধা
দোষী ব্যক্তিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাভারের রানা প্লাজা ধসে হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন।
ভবন ধসের দুই বছর পূর্তির দিনে গতকাল শুক্রবার রাজধানীর জুরাইনে নিহত ব্যক্তিদের কবরে শ্রদ্ধা জানাতে এসে তাঁদের শোকার্ত স্বজনেরা এ দাবি জানান। খুব সকাল থেকেই তাঁদের বাঁধভাঙা কান্না আর গগনবিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস, স্তব্ধ হয়ে যায় চারপাশ। নিহত শ্রমিকদের পরিবার-পরিজনের পাশাপাশি তাঁদের আত্মীয়স্বজন, বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরাও ছুটে আসেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেন নিহত শ্রমিকদের প্রতিটি কবরে। জীবন থেকে হারিয়ে যাওয়া শ্রমিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন সবাই।
অনেক পরিবারের মতো শ্রদ্ধা জানাতে জুরাইন কবরস্থানে আসেন নিহত শ্রমিক শিউলির শোকবিহ্বল বাবা ওয়ালিউর রহমান, বোন সীমা ও ভাই সোহেল। শ্রদ্ধা নিবেদন শেষে সীমা বলেন, ‘এখনো ভবনমালিক রানার কোনো শাস্তি হয়নি। দায়ী ব্যক্তিদের ঘনিষ্ঠজনেরাও এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আমার বোনসহ হাজার মানুষের মৃত্যুর জন্য যাঁরা দায়ী, তাঁদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।’
শিউলির বাবা ওয়ালিউর রহমান জানান, দুপুরে কবর জিয়ারত করতে আসা নিহত শ্রমিক রাফিজার পরিবারের সদস্যরাও একইভাবে ক্ষোভ জানান।
সরকারি হিসাব অনুযায়ী, রানা প্লাজায় নিহত ১ হাজার ১৩৬ জন শ্রমিকের মধ্যে ২৯১ জনকে জুরাইন কবরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয়। তাঁদের অনেকেরই পরিচয় এখনো নিশ্চিত হয়নি। যে কারণে কোনো শনাক্তকরণ নম্বরপ্লেট নেই তাঁদের কবরে। তবু ২৪ এপ্রিলকে ঘিরে গত দুই বছর ধরে জুরাইন কবরস্থানে সমাহিত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন নিহতদের আত্মীয়স্বজন, বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
জুরাইন কবরস্থানে গতকাল যেসব ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান ফুলেল শ্রদ্ধা জানিয়েছে, তাদের মধ্যে রয়েছে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয় শ্রমিক লীগ, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ, নিউ জেনারেশন গ্রুপ। এ ছাড়া কবরসংলগ্ন ছাউনিতে নিহত ব্যক্তিদের কথা স্মরণ করে কালো ব্যানার লাগিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও শ্রমিক নিরাপত্তা ফোরাম।