দোষী সাব্যস্ত হলেন আইএমএফের প্রধান

ফ্রান্সের অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দের সাজা হয়েছে। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেও তাঁকে জেলে যেতে হচ্ছে না। ফ্রান্সের প্যারিসে কোর্ট অব জাস্টিস অব দ্য রিপাবলিক (সিজেআর) নামের বিশেষ একটি আদালতে গতকাল সোমবার ক্রিস্টিন লাগার্দের এ সাজা ঘোষণা করা হয়।
ফ্রান্সের অর্থমন্ত্রী হিসেবে বার্নার্ড ট্যাপি নামের একজন ব্যবসায়ীকে ৪২ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক ক্ষতিপূরণের অনুমোদন দেওয়ার কারণে লাগার্দের বিরুদ্ধে এ মামলা হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়ার বিষয়ে লাগার্দের আরও সচেতন হওয়া উচিত ছিল। সেটি করতে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রায় ঘোষণার সময় লাগার্দে আদালতে উপস্থিত ছিলেন না। তবে এর আগে তিনি বারবার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন।
ক্রিস্টিন লাগার্দের আইনজীবী গণমাধ্যমগুলোকে বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে ফ্রান্সের গণমাধ্যমগুলো বলছে, লাগার্দের বিরুদ্ধে রায়দানকারী সিজেআরের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। সিজেআর হলো ফ্রান্সের মন্ত্রীদের আর্থিক অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি বিশেষ আদালত। ১২ জন রাজনীতিক এবং ৩ জন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সিজেআর গঠিত। ফ্রান্সে এর কার্যক্রম শুরু হয়েছিল ১৯৯৩ সালে।

জার্মানির বহুজাতিক ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের পরিচালক হিসেবে বার্নার্ড ট্যাপির দায়িত্ব পালনের সময়কালীন ঘটনা নিয়ে এ মামলার সূচনা হয়। তিনি ১৯৯২ সালে ফ্রাঙ্কো মিটারান্ডের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। মন্ত্রী হওয়ার কারণেই তাঁকে অ্যাডিডাসের পরিচালকের পদ ছাড়তে হয়। ১৯৯৩ সালে অ্যাডিডাসের শেয়ার বিক্রি করে তিনি পেয়েছিলেন ৩২ কোটি ইউরোর সমপরিমাণ অর্থ। কিন্তু যাদের কাছে এ শেয়ার বিক্রি করা হয়েছিল, তারা একই সময়ে বিক্রি করে পেয়েছিল ৫৬ কোটি ইউরো। এরপর লেনদেনকারী ব্যাংকের বিরুদ্ধে তাঁকে ঠকানোর অভিযোগে মামলা করেন ট্যাপি। ক্রিস্টিন লাগার্দে ২০০৭ সালে অর্থমন্ত্রী হওয়ার পর সেই মামলার ক্ষতিপূরণ হিসেবে ৪২ কোটি ৯০ লাখ ডলার ক্ষতিপূরণ পান ট্যাপি। কিন্তু অভিযোগ ওঠে, নিকোলা সারকোজির সরকারের কাছের লোক হিসেবে ট্যাপি এই ক্ষতিপূরণ পেয়েছেন। ওই ঘটনার জের ধরেই পরবর্তী সময়ে সিজেআরে লাগার্দের বিরুদ্ধে মামলা হয়।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১১ সালে দায়িত্ব নেন ক্রিস্টিন লাগার্দে। যৌন কেলেঙ্কারির কারণে গ্রেপ্তার হওয়া ফ্রান্সের আরেক সাবেক অর্থমন্ত্রী ডমিনিক স্ট্রস কানের স্থলাভিষিক্ত হন তিনি। তাঁদের দুজনের আগে আইএমএফের প্রধানের দায়িত্ব পালনকারী স্পেনের রডরিগো রাতোর বিরুদ্ধেও আর্থিক অনিয়মের অভিযোগে এখন মামলা চলছে। সরকারি তহবিল অপব্যবহারের এ কেলেঙ্কারি আইএমএফে লাগার্দের অর্জনকে ঢেকে দিয়েছে। সব মিলিয়ে আইএমএফের প্রধান হিসেবে ক্রিস্টিন লাগার্দের দায়িত্ব চালিয়ে যাওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের এ রায়ের ফলে অস্থিতিশীল হয়ে উঠতে পারে আইএমএফ। ইতিমধ্যে বেশ কয়েকটি বিষয়ে কঠিন সময় পার করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আছে গ্রিসের বেইলআউটের প্রশ্নে সংস্থাটির অবস্থান নিয়ে ওঠা প্রশ্ন। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে সংগঠনটিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
ক্রিস্টিন লাগার্দের সাজার বিষয়ে গতকাল রাতে আইএমএফের যোগাযোগ বিভাগের পরিচালক গ্যারি রাইস এক বিবৃতিতে বলেন, ফ্রান্সে চলমান মামলার বিষয়ে ইতিমধ্যেই নির্বাহী বোর্ড একাধিক বৈঠক করেছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে নির্বাহী বোর্ড শিগগিরই আবার বৈঠকে বসবে।