দোহাজারী-কক্সবাজার রেল পথের কাজ শুরু দ্রুতই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ ও অবকাঠামো নির্মাণের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে শিগগিরই। এ ব্যাপারে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন এই প্রকল্পের রেলপথ ও অবকাঠামোর নির্মাণকাজের দর ধরা হয়েছে ৮ হাজার ৯৯১ কোটি টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকল্প নির্মাণকাজের পুরো অর্থের জোগান দেবে বলে রেলওয়ে সূত্র জানায়।
দোহাজারী-কক্সবাজার এবং রামু-ঘুমধুম রেলপথ নির্মাণের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটির আন্তর্জাতিক দরপত্র আহ্বানের সব প্রক্রিয়া আমরা চূড়ান্ত করে ফেলেছি। এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) সবুজ সংকেতের জন্য অপেক্ষা শুধু।’
রেলওয়ে কর্মকর্তারা জানান, পর্যটন শহর কক্সবাজারকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা, পর্যটক ও স্থানীয় জনগণের জন্য নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা প্রবর্তন করা ছাড়াও সহজে ও কম খরচে মাছ, লবণ, কাগজের কাঁচামাল এবং বনজ ও কৃষি দ্রব্যাদি পরিবহন এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডরের মিসিং লিংক নির্মাণ করা এর উদ্দেশ্য।
রেলওয়ে সূত্র জানায়, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য পাকিস্তান আমলে ১৯৫৮ সালে জরিপ চালানো হয়েছিল। এরপর ১৯৭১ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রস্তাবিত রেললাইনটির ট্রাফিক সম্ভাবনা ও সমীক্ষা চালিয়েছিল জাপান রেলওয়ে কারিগরি সার্ভিস (জেআরটিএস)। দেশ স্বাধীনের পর প্রকল্পটি আটকে যায়। ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মেয়াদে আরেক দফা সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হয়েছিল।
গত এপ্রিলে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে (একনেক) চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার এবং কক্সবাজারের রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেলপথ ও অবকাঠামো নির্মাণের প্রকল্প অনুমোদন হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৩৪ কোটি টাকা। এর মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ ও অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৯১ কোটি টাকা। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল।
রেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংক প্রকল্পটি বাস্তবায়নের জন্য আপাতত দেড় বিলিয়ন ডলার (প্রায় ১২ হাজার কোটি টাকা) দিচ্ছে। এই অর্থ থেকে নতুন রেলপথ ও অবকাঠামো নির্মাণ শুরুর প্রক্রিয়া চূড়ান্ত করেছি। দরপত্র আহ্বানের ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শুরু করা যাবে বলে আমরা আশা করছি।’
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার, রামু থেকে কক্সবাজার পর্যন্ত ১২ কিলোমিটার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ নির্মাণের প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে। ১২৮ কিলোমিটার রেলপথের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া; কক্সবাজারের চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাহ, রামু, সদর ও উখিয়া এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম স্টেশন নির্মাণের কথা রয়েছে। কিন্তু রামুতে নতুন সেনানিবাস হওয়ায় রামু-ঘুমধুম রেলপথ নির্মাণকাজ আপাতত থেমে গেছে। এখন কেবল দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ ও অবকাঠামো নির্মিত হবে।
অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আগের ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) সেনানিবাস এলাকার ভেতর দিয়ে রেলপথ নির্মাণের নকশা করা হয়েছিল। সেই নকশা পরিবর্তন করতে হলে রামু-ঘুমধুমের দূরত্ব ২৮ কিলোমিটার থেকে সামান্য বাড়তে পারে।
রেলওয়ে সূত্র জানায়, প্রথমে মিটারগেজ রেলপথ নির্মাণ করার এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা। কিন্তু পরে রেললাইনের নকশায় (মিটারগেজ ও ব্রডগেজ দুটিই থাকবে) পরিবর্তনের সিদ্ধান্ত হয়। পরের ধাপে অর্থাৎ গত এপ্রিলে অনুষ্ঠিত একনেকের বৈঠকের আগে প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ২৫৮ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা। গত এপ্রিলে প্রকল্প ব্যয় আরও বেড়ে ১৮ হাজার ৩৪ কোটি টাকায় ঠেকে।