বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ফেরত আনতে একটি প্রতিনিধিদল ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গেছে। গতকাল মঙ্গলবার প্রতিনিধিদলটি ম্যানিলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অর্থ ফেরত আসা নিয়ে আলোচনা করে। এই দলে রয়েছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক (চুক্তিভিত্তিক) দেবপ্রসাদ দেবনাথ ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রব।
গত সেপ্টেম্বরে রিজার্ভ চুরির উদ্ধার হওয়া এই দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দেন ফিলিপাইনের আদালত। এই অর্থ ক্যাসিনো (জুয়া খেলার স্থান) ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। এই অর্থ এখন ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা আছে। ১৯ সেপ্টেম্বর দেশটির আদালত এ অর্থের মালিকানা বাংলাদেশের বলে স্বীকৃতি দেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল ম্যানিলায় গেছে। উদ্ধার হওয়া অর্থ অচিরেই পাওয়া যাবে। রিজার্ভ চুরির বাকি অর্থ ফেরত পেতে কাজ করা হচ্ছে। এ বিষয়ে অগ্রগতিও হচ্ছে। আশা করছি, পুরো অর্থই আমরা ফেরত পাব।’
জানা গেছে, চুরি যাওয়া রিজার্ভের ১ কোটি ৫২ লাখ ডলার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (এফআরবি নিউইয়র্ক) থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা করবে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। চলতি নভেম্বর মাসের মধ্যে এই অর্থ বাংলাদেশকে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেখানকার একটি আদালত। আগামী সপ্তাহের মধ্যেই ওই অর্থ এফআরবি নিউইয়র্কের ব্যাংক হিসাবে জমা হয়ে যাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক। তবে জমা করার আগে উদ্ধার করা অর্থের মধ্যে ফিলিপাইনের স্থানীয় মুদ্রায় থাকা অংশটুকুকে ডলারে রূপান্তর করতে হবে। কেননা এফআরবি নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের যে হিসাবটি রয়েছে, তা ‘ডলার অ্যাকাউন্ট’। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ওই অর্থ নগদ জমা করবে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন, ‘এই দেড় কোটি ডলার ফেরতের বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এ ব্যাপারে কাজ প্রায় শেষ পর্যায়ে। আমাদের লক্ষ্য এখন বাকি অর্থ ফেরত পাওয়া।’
গত ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। বর্তমানে বিশ্বের অন্যতম সাইবার চুরি হিসেবে পরিচিত এ ঘটনা।