বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের ১ কোটি ৫২ লাখ ডলার (১২০ কোটি টাকা) ফেরত দিয়েছে ফিলিপাইন। গত শুক্রবার ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাস নগদ এ অর্থ গ্রহণ করে। এখন ব্যাংকের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে এ অর্থ জমা হবে। ফেরত পাওয়া এ অর্থ চুরি যাওয়া অংশের ১৯ শতাংশেরও কম। বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলার (৫২০ কোটি টাকা) উদ্ধার বা ফেরত পাওয়া নিয়েও এখনো কোনো অগ্রগতি হয়নি। বাংলাদেশ ব্যাংক ও ফিলিপাইন সূত্রে এসব তথ্য জানা গেছে। হিসাবে প্রতি ডলারের মূল্য ধরা হয়েছে ৭৯ টাকা।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান প্রথম আলোকে বলেন, জমা হওয়া অর্থের মধ্যে ডলারের অংশটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে নিউইয়র্ক ফেডে বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হবে। আর পেসো অংশটি বাংলাদেশ দূতাবাসের হিসাবের মাধ্যমে নিউইয়র্ক ফেডের হিসাবে জমা হবে। শিগগির এ প্রক্রিয়া সম্পন্ন হবে। বাকি অর্থ ফেরত পাওয়া নিয়ে কোনো অগ্রগতি বলতে পারেননি তিনি।
গত সেপ্টেম্বরে রিজার্ভ চুরির উদ্ধার হওয়া দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দেন ফিলিপাইনের আদালত। এই অর্থ ক্যাসিনো (জুয়া খেলার স্থান) ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে উদ্ধার করা হয়। ১৯ সেপ্টেম্বর দেশটির আদালত এ অর্থের মালিকানা বাংলাদেশের বলে স্বীকৃতি দেন। এই অর্থ জমা ছিল ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে।
রিজার্ভের উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল এখন ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আছে। গত মঙ্গলবার থেকে প্রতিনিধিদলটি ফিলিপাইনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অর্থ ফেরত আনা নিয়ে আলোচনা করছে। বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের নেতৃত্বে ম্যানিলায় এই দলে রয়েছেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক (চুক্তিভিত্তিক) দেবপ্রসাদ দেবনাথ ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রব। আলোচনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার জন গোমেজ বাংলাদেশের পক্ষে নগদ এসব অর্থ গ্রহণ করেন। ফেরত পাওয়া অর্থের মধ্যে ৪৬ লাখ ৩০ হাজার ডলার এবং ৪৮ কোটি ৮২ লাখ ৮০ হাজার পেসো।
জানা গেছে, ফেরত পাওয়া অংশের মধ্যে ডলারের অংশটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হবে। পেসো অংশটি বাংলাদেশ দূতাবাসের হিসাবে জমা হয়ে পরে ফেডের হিসাবে যুক্ত হবে। পুরো প্রক্রিয়াটি চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে, চুরি হওয়া বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলার ফেরত পাওয়া নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। এ নিয়ে দেশ-বিদেশে আলোচনা, চিঠি চালাচালি হলেও কোনো আশ্বাস পায়নি বাংলাদেশ ব্যাংক। এ অবস্থায় ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দোতেয়াত্রের সঙ্গে দেখা করতে বাংলাদেশের আরেকটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শিগগির ম্যানিলায় যেতে পারে বলে জানা গেছে। প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আইনজীবীসহ আরও অনেকের থাকার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা বলেন, ‘দেড় কোটি ডলার ফেরত পাওয়া গেছে। বাকি অর্থ ফেরত পাওয়া নিয়ে বলার মতো কোনো অগ্রগতি হয়নি। তবে চেষ্টা চলছে।’
চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায়; বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।