দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দুপুর ১২টায় দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪৪৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ২০ মিনিটের মাথায় সূচক ১৮ পয়েন্ট বাড়লেও আধা ঘণ্টায় এক পয়েন্ট কমে যায়। এরপর থেকে সূচক আবারও বাড়তে থাকে। সূচক বাড়ার এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।এ সময়ে ডিএসইতে মোট ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১২২ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, সায়হাম টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, এমআই সিমেন্ট, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউসিবিএল, নাভানা সিএনজি ও ইউনিক হোটেল প্রভৃতি।