যথাযথ পরিবেশ পেলে ২০১৩-১৪ অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দেড় লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন।এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘এবারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কোনোভাবেই উচ্চাভিলাষী নয়। বাস্তবায়নযোগ্য।...আমরা সবাই দেশকে ভালোবাসি। আমাদের রাজনীতি রাজনীতির মতো থাকবে। রাজস্বনীতি রাজস্বনীতির মতো থাকবে। আমাদের পরিবেশ নিশ্চিত করুন। পরিবেশ থাকলে এক লাখ ৩৬ হাজার কোটি টাকা নয়, দেড় লাখ কোটি টাকা আদায় করা সম্ভব।’বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট-পরবর্তী আলোচনায় এনবিআরের চেয়ারম্যান এ কথা বলেন। রাজধানীর অফিসার্স ক্লাবে গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।এনবিআরের চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ের যে লক্ষ্যামাত্রা ঠিক করা হয়েছে, তা অর্জন করতে হলে করের আওতা বাড়ানো একটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে। এ লক্ষ্যে এনবিআর কিছু কাজও শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ৬০ হাজার বাড়ির ওপর জরিপ করে দেখেছি, ২৬ হাজার বাড়ির মালিকের কোনো আয়কর বিবরণী নেই। আমরা তাঁদের করের আওতায় আনতে বলেছি।’অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এই সচিব আরও বলেন, দেশে স্থায়ী মূসক প্রদানকারীর সংখ্যা ৬০ হাজার। দেশের অর্থনীতির হিসাবে এটা খুবই নগণ্য। শুধু ঢাকাতেই কয়েক লাখ ব্যবসায়ী আছেন। আবার কর শনাক্তকরণ সংখ্যা (টিআইএন) আছে ২০ লাখ মানুষের। কিন্তু আয়কর দেন ১২ লাখ মানুষ। আগামী বছর তা ১৩ লাখে দাঁড়াতে পারে। হিসাব করে দেখা গেছে, দেশের ৬০ লাখ মানুষের কাছ থেকে আয়কর আদায় করা সম্ভব।গোলাম হোসেন বলেন, ‘এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও সক্ষমতা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। যাঁরা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন, আমার ধারণা এনবিআরের সক্ষমতা সম্পর্কে তাঁরা জানেন না। সম্ভবত ওনারা ১০-১৫ বছর আগের কথা বলছেন। এনবিআরের সাম্প্রতিক অবস্থা তাঁরা বিবেচনা করেন না। তাঁরা বোঝেন না গত চার বছরে দেশে কীভাবে রাজস্ব আদায় দ্বিগুণ হলো।’গোলাম হোসেন আরও বলেন, চলতি অর্থবছরে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ১০০ কোটি টাকা আদায় হয়েছে। কিন্তু ২৫ থেকে ২৬ হাজার কোটি টাকার বিষয় যেখানে অনিষ্পন্ন, সেখানে এই অর্থ কোনোভাবেই বেশি না। এডিআরের বিষয়ে ব্যবসায়ীদের আরও সহায়তা লাগবে। দুই পক্ষকেই ছাড় দেওয়ার মনোভাব দেখাতে হবে।