দেয়ালের ফাঁদে আটকা বেনাপোলের যাত্রীসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুর, প্রচণ্ড গরম।হাতে দুটি বিশাল আকারের ব্যাগ। ভারতের কলকাতায় মাস খানেক চিকিৎসাসেবা নিয়ে দেশে এসেছেন দেলোয়ার হোসেন (৫৫)। যশোরের বেনাপোল স্থলবন্দরের কাস্টমস ও ইমিগ্রেশন শেষ করে কেবলই বের হয়েছেন। খানিকটা দাঁড়িয়ে রাস্তার পাশে একটি ব্যাগ রেখে তার ওপর বসে পড়লেন। দরদর করে ঘামছেন। সঙ্গে থাকা স্ত্রী বকুল বেগম একটি পত্রিকা দিয়ে বাতাস করছেন দেলোয়ারকে।

কাছে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলাম, ‘ভাই, কোন সমস্যা?’ দেলোয়ার বিরক্তিভাব নিয়ে বললেন, ‘ইমিগ্রেশন পার হতে ঘণ্টা খানেক লেগে গেছে। অসুস্থ শরীর, তাই অল্পতে টায়ার্ড হয়ে গেছি। একটু বিশ্রাম নেওয়া দরকার, কিন্তু উপায় কই।’ একটু থামলেন দেলোয়ার। তারপর আবার বলেন, এখান থেকে দুই কিলোমিটার দূরে বাসস্ট্যান্ড। যানজট ঠেলে ওখানে গেলে বাস কাউন্টারে একটু বসা যায়।

অবশ্য দেলোয়ারের মতো যাত্রীদের সেবার জন্য কাস্টমস ভবনের কয়েক গজ দূরেই দাঁড়িয়ে আছে চকচকে একটি তিনতলা ভবন। বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল। জিরো পয়েন্ট এলাকায় সাত কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এটি নির্মাণ করেছে যাত্রীদের বিশ্রামের জন্য। সেখানে বসার জায়গা, বাথরুম, ক্যানটিন থেকে শুরু করে ব্যাংক, মানি এক্সচেঞ্চ অফিসসহ থাকবে বিভিন্ন সুযোগ-সুবিধা।

ঠিকাদারি প্রতিষ্ঠান এক বছর আগে এটি বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দিলেও এখনো চালু হয়নি। উল্টো যাত্রীদের জন্য বরাদ্দ থাকলেও ভবনের তৃতীয় তলা বন্দরের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে চার মাস ধরে। ফলে দেশের সবচেয়ে বড় এই স্থলবন্দরে যাত্রীরা উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিনই বাংলাদেশ ও ভারত থেকে আড়াই থেকে তিন হাজার যাত্রী আসা-যাওয়া করেন।

জানা যায়, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান গত বছরের ২৩ আগস্ট টার্মিনালটি উদ্বোধন করেন। তার পরও এটি চালু না হওয়া কিংবা যাত্রীসেবার মান উন্নত করার মাঝে বাধা হয়ে আছে কাস্টমস ভবনের ২০ ফুট লম্বা ​গ্রিলের একটি দেয়াল। দেয়ালটি অপসারণের জন্য গত সেপ্টেম্বর থেকে চিঠি চালাচালি করছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। তবে সমস্যা হচ্ছে, বন্দর কর্তৃপক্ষ টার্মিনাল ব্যবহারের জন্য প্রত্যেক যাত্রীর কাছ থেকে একটি নির্দিষ্ট ফি (২৮ টাকা) নির্ধারণ করেছে। সে কারণে বেঁকে বসেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে উভয় পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। কাস্টমস কর্তৃপক্ষের দাবি, বন্দর কর্তৃপক্ষ সব যাত্রীকে জিম্মি করে ব্যবসা করতে চাইছে। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত—সব ধরনের যাত্রীই বন্দরটি ব্যবহার করেন। সে জন্য টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করা উচিত নয়। এটি নিশ্চিত না হওয়ার জন্যই দেয়ালটি অপসারণের সিদ্ধান্ত আটকে আছে। অন্যদিকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের অভিযোগ, নিজেদের কর্তৃত্ব কমে যাক, কাস্টমসের লোকজন সেটি চায় না। সে কারণেই তারা বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ ফায়জুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অনেক দরিদ্র মানুষ এখান দিয়ে ভারতে যাওয়া-আসা করেন। সে জন্য বিকল্প ব্যবস্থা থাকা উচিত। সে ক্ষেত্রে বর্তমান ব্যবস্থার পাশাপাশি নতুন টার্মিনাল চালু করা যেতে পারে।’

এদিকে জিরো পয়েন্ট থেকে কয়েক মিনিটের হাঁটা পথের দূরত্বে প্যাসেঞ্জার টার্মিনালের অপর পাশে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনালও গত ১৩ মাসে চালু হয়নি। অবশ্য এটি চালু হলে যাত্রীদের হয়রানি বন্ধের পাশাপাশি বন্দরের সড়কের যানজট অনেকটাই কমে যেত।

টার্মিনাল ভবনে গত মঙ্গলবার গিয়ে দেখা যায়, পুরো ভবনই রঙিন কাচ দিয়ে ঘেরা। প্রথম তলায় ১৩ হাজার ১৬৯ বর্গফুটের বিশাল জায়গার অধিকাংশই যাত্রীদের বিশ্রামের জন্য। আর একপাশে আছে ব্যাংকের শাখা, টোল আদায়ের স্থান ও বাথরুম। দ্বিতীয় তলার সাড়ে ১০ হাজার বর্গফুটের মধ্যে যাত্রীদের বিশ্রাম ও ক্যানটিনের জন্য নির্ধারিত। আর তৃতীয় তলায় ১৩ হাজার ৭০১ বর্গফুটের মধ্যে ভিআইপি যাত্রীদের জন্য চারটি কক্ষ ও বিশ্রামের জন্য উন্মুক্ত জায়গা। অবশ্য এখানে স্থলবন্দর কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর দেয়াল অপসারণের বিষয়টি লিখিতভাবে কাস্টমসকে জানায় স্থলবন্দর কর্তৃপক্ষ। তারপর উভয় পক্ষের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালি হয়। সর্বশেষ গত ২৯ জুন বেনাপোল কাস্টমস দেয়াল অপসারণের বিষয়ে একটি চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এতে টার্মিনালের পাশাপাশি আন্তর্জাতিক চেকপোস্টের আসা ও যাওয়ার দুটি ফটকই যাত্রীদের চলাচলের জন্য বিনা মূল্যে উন্মুক্ত রাখা, দুই ভবনের মাঝের উন্মুক্ত অংশে ছাউনি দেওয়াসহ চারটি সুপারিশ করা হয়।

চিঠির বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, বিষয়টি শিগগিরই মীমাংসা হয়ে যাবে।’ টার্মিনাল ব্যবহারে যাত্রীদের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ভালো সেবা দেওয়ার জন্যই টাকা নেওয়া হবে। তবে এটি তো খুবই সামান্য। এ বিষয়ে বিতর্ক থাকা উচিত না।’ অন্যদিকে যাত্রীদের বরাদ্দকৃত জায়গায় বন্দরের প্রশাসনিক কার্যালয় স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘বেনাপোল বন্দর কর্তৃপক্ষের আগের অফিস ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্য কোনো বিকল্প না থাকায় এখানে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে।’

জানতে চাইলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোয়েজউদ্দীন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক দেনদরবার করেছি। তার পরও টার্মিনালটি আলোর মুখ দেখেনি। কাস্টমস কর্তৃপক্ষ কেন দেয়ালটি ভাঙছে না, সেটি আমরা বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘বিষয়টি সুরাহা করতে আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হয়েছে।’ তবে বৈঠকের এখনো কোনো তারিখ হয়নি বলে জানালেন তিনি।