ব্যাংকের নিয়মিত ও দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে দেশের ৩৮টি ব্যাংকের চেয়ারম্যানদের চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।নির্ধারিত দায়িত্বের বাইরে এ ধরনের হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করে দিয়ে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই চিঠি পাঠানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে, চেয়ারম্যানরা নীতিনির্ধারণী কাজের বাইরে দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করতে পারেন না। হস্তক্ষেপ করলে ব্যবস্থাপকেরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন না, যা যেকোনো ব্যাংকের জন্য ক্ষতির বিষয়। তাই চেয়ারম্যানদের সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০১০ সালে এ সংক্রান্ত জারি করা নির্দেশনাটি চেয়ারম্যানদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এর পরও কোনো চেয়ারম্যান আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, সমপ্রতি কিছু ব্যাংকের চেয়ারম্যান নিজের দায়িত্বের বাইরে গিয়ে ব্যাংকের নিয়মিত কাজে হস্তক্ষেপ করেছেন বলে নজরে এসেছে, যা কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধানের লঙ্ঘন।ব্যাংকের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহীর দায়দায়িত্ব ও জবাবদিহি নিয়ে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি থেকে জারি করা সার্কুলারে চেয়ারম্যানের তিনটি দায়িত্বের কথা উল্লেখ রয়েছে।এর প্রথমটিতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (বা পর্ষদ কর্তৃক গঠিত কোনো চেয়ারম্যান বা কোনো পরিচালক) ব্যক্তিগতভাবে কোনো নীতিনির্ধারণী বা নির্বাহী ক্ষমতা প্রয়োগের এখতিয়ার রাখেন না বিধায় তিনি ব্যাংকের প্রশাসনিক বা পরিচালনগত তথা দৈনন্দিন কাজে অংশগ্রহণ বা হস্তক্ষেপ করবেন না। তবে কেন্দ্রীয় ব্যাংক সমপ্রতি লক্ষ করছে যে অনেক চেয়ারম্যান এ নিয়ম না মেনে ব্যাংকের যেকোনো পরিমাণের ঋণ অনুমোদনসহ সব ধরনের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করছেন। অনেক সময় তাঁদের কেউ কেউ ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এমনকি মহাব্যবস্থাপক বা উপমহাব্যবস্থাপকদের ডেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।